২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়া থেকে আসা আয়ের কথা প্রকাশ করেননি ফ্লিন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন রাশিয়ার একটি টেলিভিশন নেটওয়ার্ক ও দেশটির সঙ্গে সম্পর্কিত অন্য একটি ফার্ম থেকে প্রাপ্ত আয়ের কথা প্রকাশ করেননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> Reuters

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2017, 05:22 PM

Updated : 11 Apr 2022, 11:19 PM

ফেব্রুয়ারিতে জমা দেওয়া আর্থিক বিবরণী ফর্মে আয়ের বিস্তারিত প্রকাশ করার কথা থাকলেও তিনি তা করেননি বলে শনিবার হোয়াইট হাউসের প্রকাশিত নথি থেকে জানা গেছে।

৩১ মার্চ প্রকাশিত ফ্লিনের স্বাক্ষর করা এক আর্থিক বিবরণীতে দেখা যায়, হোয়াইট হাউসের এই সাবেক কর্মকর্তা রাশিয়ার মালিকানাধীন বিভিন্ন কোম্পানিতে বক্তৃতা দিয়েও আয় করার কথাও উল্লেখ করেছেন, এসব কোম্পানির মধ্যে ক্রেমলিনের তহবিলে পরিচালিত আরটি টিভি ও ভোলগা-নিপার এয়ারলাইন্সও আছে।

তবে রুশ কোম্পানিগুলো থেকে তিনি কত পেয়েছেন ফর্ম থেকে তা জানা যায়নি। তবে এর আগে হোয়াইট হাউসের দায়িত্বে থাকাকালে ১১ ফেব্রুয়ারিতে স্বাক্ষর করা অপর একটি আর্থিক বিবরণীতে এসব তথ্য দেননি তিনি।

ফ্লিনের বিরুদ্ধে যে তদন্ত চলছে তাতে আর্থিক বিবরণীতে প্রকাশিত এই অমিলও অন্তর্ভূক্ত হতে পারে। রাশিয়ার সঙ্গে যোগাযোগের ব্যাপারে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার কারণে ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার ২৪ দিনের মাথায় ১৩ ফেব্রুয়ারি অবসরপ্রাপ্ত এই জেনারেল পদত্যাগে বাধ্য হন।

২০১৬ সালে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে বিস্তারিত এক তদন্তের অংশ হিসেবে রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে তার যোগাযোগ নিয়ে তদন্তের মুখে আছেন ফ্লিন।