‘ইউফ্রেতিস শিল্ড’ সামরিক অভিযানের ইতি টানলো তুরস্ক
গত অগাস্টে সিরিয়ায় সেনাবহর পাঠিয়ে শুরু করা ‘ইউফ্রেতিস শিল্ড’ অভিযান শেষ করেছে তুরস্ক।
বুধবার দেশটির প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম এ কথা জানিয়েছেন, তবে তুরস্ক সীমান্তে ওপারে সিরিয়ায় নতুন অভিযান শুরু করতে পারে বলে ইঙ্গিতও দিয়েছেন।
নিজেদের সীমান্ত থেকে ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধাদের হটিয়ে দিতে ও কুর্দি বেসামরিক বাহিনীর যোদ্ধাদের অগ্রযাত্রা রুখতে গত অগাস্টে সিরিয়ায় সেনা, ট্যাঙ্ক ও যুদ্ধবিমান পাঠায় তুরস্ক। সেখানে নিজেদের উদ্দেশ্য সাধনে সিরিয়ার বিদ্রোহী বাহিনী ফ্রি সিরিয়ান আর্মিকে (এফএসএ) সমর্থন দেয় তুরস্কের বাহিনী।
ব্রডকাস্টার এনটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইলদিরিম বলেন, “ইউফ্রেতিস শিল্ড অভিযান সফল এবং শেষ হয়েছে। এর ধারাবাহিকতায় অন্য কোনো অভিযান শুরু হলে তার অন্য নাম হবে।”
তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। রয়টার্স
এখন আল বাবের ‘সবকিছু তুরস্কের নিয়ন্ত্রণে আছে’ বলে জানিয়েছেন ইলদিরিম। ইউফ্রেতিস শিল্ড অভিযানে দেশটির কতোজন সেনা অংশ নিয়েছে তা প্রকাশ করেনি তুরস্ক।
তুরস্কের বাহিনী এখনও সীমান্ত সংলগ্ন নিরাপদ ওই অঞ্চলটিতে অবস্থান করছে। এর অন্যতম উদ্দেশ্য কুর্দিদের ওয়াইপিজি বেসামরিক বাহিনীকে ইউফ্রেতিস নদী পার হতে না দেয়া এবং সিরিয়ার উত্তরাঞ্চলে প্রধানত কুর্দি নিয়ন্ত্রণে থাকা তিনটি প্রদেশকে পরস্পরে সঙ্গে সংযোগ স্থাপন করতে না দেয়া।
ইরাকের কুর্দি স্বায়ত্তশাসিত এলাকার মতো সিরিয়ার কুর্দিরাও স্বায়ত্তশাসিত একটি অঞ্চল তৈরি করতে পারলে তুরস্কের বৃহত্তম সংখ্যালঘু কুর্দিরাও একইরকম একটি অঞ্চল প্রতিষ্ঠার চেষ্টা করতে পারে ভেবে শঙ্কিত তুরস্ক।
