ট্রাম্পের নিষেধাজ্ঞার জালে নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী
‘ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে’ যুক্তরাষ্ট্রের একটি বিমানবন্দরে আটকা পড়ে গিয়েছিলেন নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী জেল ম্যাগনে বনদেভিক।
বনদেভিক জানান, ওয়াশিংটনে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ইভেন্ট’ এ যোগ দিতে এ সপ্তাহের শুরুতে তিনি যুক্তরাষ্ট্র যান।
বিবিসি জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ওই অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
কিন্তু ২০১৪ সালে ইরান সফর করার অজুহাত দেখিয়ে বনদেভিককে বিমানবন্দরে প্রায় এক ঘণ্টা আটকে রাখা হয়।
যদিও নিজের কূটনৈতিক পাসপোর্ট নিয়ে ভ্রমণ করছিলেন এবং পাসপোর্টে তিনি সাবেক প্রধানমন্ত্রী এই তথ্যটিও দেওয়া ছিল বলে জানান বনদেভিক।
ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে বলেছিল, ইরান ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় থাকার কারণে তারা তাকে বাধা দিচ্ছে না। বরং ‘ইউএস ভিসা ওয়েভার’ প্রকল্পে থাকা দেশগুলো থেকে আগত ব্যক্তিদের উপর বাড়তি কড়াকড়ি আরোপে ২০১৫ সালে প্রণয়ন করা আইনের আওতায় তারা এটা করছে।
যে সাতটি দেশের নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ইরান তার একটি।
নরওয়ের একটি টেলিভিশন চ্যানেলকে ক্ষোভের সঙ্গে বনদেভিক বলেন, “আমি হতবাক হয়েছিলাম এবং ভীষণ রেগে গিয়েছিলাম।”
“একটি সরকারের সাবেক প্রধান; যিনি অতীতে অনেকবার আনুষ্ঠানিক সফরে যুক্তরাষ্ট্র গেছেন, এমনকি হোয়াইট হাউজে পর্যন্ত গেছেন তাকে (জঙ্গি সন্দেহে) ভয় পেয়ে বাধা দেওয়ার কোনো কারণ আমি দেখি না।”
