ট্রাম্পের ব্যবসায়িক উপদেষ্টা পরিষদ থেকে সরে দাঁড়ালেন উবার সিইও
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক উপদেষ্টা পরিষদ থেকে সরে দাঁড়িয়েছেন অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠান উবারের প্রধান নির্বাহী কর্মকর্তা ট্রাভিস কালানিক।
ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি বিরোধী কর্মকর্তা-কর্মচারী ও ট্যাক্সি চালকদের ক্রমবর্ধান চাপের মুখে কালানিক এ সিদ্ধান্ত নেন। উবার চালকদের বেশিরভাগই অভিবাসী।
যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওপর প্রেসিডেন্ট ট্রাম্পের নিষেধাজ্ঞা আরোপে যেসব প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হওয়ার আশঙ্কায় আছে, উবার তার অন্যতম।
প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত কর্মী ও গাড়ি চালকদের সহায়তায় ৩০ লাখ মার্কিন ডলারের তহবিল গঠন করছে।
ট্রাম্প ৭ টি মুসলিমপ্রধান দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার নির্বাহী আদেশ দেওয়ার পর থেকেই চাপের মুখে পড়েছিলেন উবার সিইও কালানিক। পরে বৃহস্পতিবার তার ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টা পরিষদ ছেড়ে দেওয়ার কথা নিশ্চিত করেন উবারের মুখপাত্র।
কালানিক জানান, তিনি ট্রাম্পকে সংক্ষেপে তার অভিবাসী সংক্রান্ত আদেশের কারণে উবারে বিরূপ প্রভাব পড়ার কথা বলেছেন এবং উপদেষ্টা পরিষদেও থাকবেন না বলে জানিয়েছেন।
বিবিসি’কে কালানিক বলেন, “উপদেষ্টা পরিষদে যোগ দেওয়া মানেই প্রেসিডেন্টের কর্মসূচি মেনে নেওয়া নয়। কিন্তু দুঃখজনক যে বিষয়টিকে সেভাবেই দেখা হয়েছে।”
ট্রাম্পের উপদেষ্টা পরিষদে যোগ দেওয়ার কথা রয়েছে টেসলা মটরসের সিইও এলোন মাস্কেরও। শুক্রবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার কথা মাস্কের।
উবারের প্রধান নির্বাহীর পদত্যাগের ঘোষণার পর শুক্রবার এ বৈঠক করার যৌক্তিকতা উল্লেখ করে মাস্ক বলেছেন, উপদেষ্টা পরিষদ শুধু সরকারকে পরামর্শ দিতে পারে। এপরিষদে যোগ দেওয়া মানেই প্রশাসনের কর্মসূচির সঙ্গে আপোস করা নয়।”
