দেয়ালের খরচ না দিলে মেক্সিকোর বৈঠক বাতিল করা উচিত: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সীমান্তে দেয়াল তোলার খরচ মেক্সিকো না দিতে চাইলে প্রেসিডেন্ট এনরিকে পেনা নিয়েতোর ওয়াশিংটন সফর বাতিল করা উচিত।
৩১ জানুয়ারিতে ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য ওয়াশিংটন ডিসি’তে সফরে যাওয়ার কথা আছে পেনা নিয়েতোর।
কিন্তু ট্রাম্পের এ কথার ফলে আগামী সপ্তাহে দুই নেতার পরিকল্পিত বৈঠকটি বানচাল হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
বৈঠকে মেক্সিকো সীমান্তে দেয়াল তোলা নিয়ে ট্রাম্পের অটল মনোভাবের কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিবেশী দেশটির অস্বস্তিকর সম্পর্কের বিষয়টিসহ উত্তর আমেরিকা মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
মেক্সিকো সরকারের অর্থমন্ত্রী মেক্সিকান বেতারে বলেছেন, বৈঠক বাতিল করা হলে অনিশ্চয়তা তৈরি হবে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক টু্যইটারে বলেন, “মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের ৬ হাজার কোটি ডলারের বাণিজ্য ঘাটতি আছে। নাফটা’র (মেক্সিকো ও কানাডার সঙ্গে উত্তর আমেরিকা মুক্ত বাণিজ্য চুক্তি) শুরু থেকেই এটি একটি একপাক্ষিক চুক্তি... এতে আমেরিকার অনেক চাকরি খোয়া গেছে এবং বহু কোম্পানির ক্ষতি হয়েছে। মেক্সিকো অতি জরুরি সীমান্ত দেয়াল বানানোর খরচ দিতে না চাইলে আসন্ন বৈঠক বাতিল করাটাই ভাল হবে।”
তবে ট্রাম্পের এই ট্যুইট আসার আগে থেকেই প্রাচীর তৈরির প্রতিবাদে তার সঙ্গে বৈঠক বাতিলের জন্য দেশের ভেতরে মেক্সিকোর প্রেসিডেন্ট পেনা নিয়েতোর ওপর চাপ বাড়ছে।
যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে ‘বিশাল ও দুর্গম’ এ প্রাচীর নির্মাণের নির্বাহী আদেশে বুধবার সই করেন ট্রাম্প।
প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারের সময় থেকেই প্রায় দুই হাজার কিলোমিটার দীর্ঘ যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের খরচ মেক্সিকোর কাছ থেকে নেওয়ার কথা ট্রাম্প বলে আসছেন।
বুধবার এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারেও ট্রাম্প বলেছেন, মেক্সিকোকে ‘অবশ্যই’দেয়াল নির্মাণের ‘শতভাগ খরচ’বহন করতে হবে।
এর জবাবে পেনা নিয়েতো বলেন, “আমি আগেও বলেছি এখনও বলছি, কোনও দেয়ালের জন্য মেক্সিকো কোনও খরচ দেবে না।”
আর এখন খরচ না দিলে ট্রাম্প বৈঠক বাতিলের যে কথা বললেন তাতে মেক্সিকানদের অনেকেই মনে করছেন, তিনি ইচ্ছাকৃতভাবেই তার সঙ্গে মেক্সিকো সরকারের আলোচনায় বসার চেষ্টাকে আমলে নিচ্ছেন না।
তবে ট্রাম্পের ট্যুইটের কয়েক মিনিট পরই মেক্সিকোর অর্থমন্ত্রী জোসে এন্তোনিও মেয়াদে বলেছেন, “কি ঘটে তা আমাদেরকে দেখতে হবে, কি শর্তের আওতায় আলোচনার কতটুকু সুযোগ আছে, কোন পথ খোলা আছে তা দেখতে হবে। আমাদেরকে অপেক্ষা করতে হবে।”
