২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিলের দাবানলে ৬ জনের মৃত্যু

চিলের মধ্যাঞ্চলে লাগা ব্যাপক দাবানলের সঙ্গে লড়াইয়ে এ পর্যন্ত ছয়জন মারা গেছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2017, 03:29 PM

Updated : 11 Oct 2022, 01:23 PM

চিলের স্বরাষ্ট্রমন্ত্রী মারিও ফার্নান্দেজের বরাতে বিবিসি জানিয়েছে, চার দমকল কর্মী মারা গেছেন এবং মাউলে নদীতে দুই পুলিশ কর্মকর্তার লাশ পাওয়া গেছে।

কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই দাবানল নিয়ন্ত্রণে আনতে যুক্তরাষ্ট্র থেকে একটি বিশাল বোয়িং ৭৪৭ সুপার ট্যাঙ্কার বিমান ভাড়া করেছে চিলে।

দাবানলের কারণে রাজধানী সান্তিয়াগোর দক্ষিণে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

চিলের ন্যাশনাল ফরেস্ট কর্পোরেশন জানিয়েছে, পাঁচ লাখ ৮৮ হাজার একর এলাকা দাবানলে পুড়ছে এবং দাবানলের পরিধি উত্তরোত্তর বেড়ে চলেছে।

Image
দাবালন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে একটি বিশাল বোয়িং ৭৪৭ সুপার ট্যাঙ্কার বিমান ভাড়া করেছে চিলে। রয়টার্স

দাবালন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে একটি বিশাল বোয়িং ৭৪৭ সুপার ট্যাঙ্কার বিমান ভাড়া করেছে চিলে। রয়টার্স

বুধবার দাবানল কবলিত কন্সটিটুসিয়ন শহরের একটি বাড়ি থেকে বাসিন্দাদের উদ্ধারের চেষ্টাকালে আগুনে পুড়ে এক দমকল কর্মীর মৃত্যু হয়।

গেল সপ্তাহে আরো তিন দমকল কর্মীর মৃত্যু হয়েছে এবং আরো তিনজন আহত হয়েছেন। দাবানল কবলিত এলাকাগুলোর চার হাজার বাসিন্দাকে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

দক্ষিণ আমেরিকার অনেক দেশে এখন গ্রীষ্মকাল চলছে। গ্রীষ্মের উত্তপ্ত আবহাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। তবে মধ্যাঞ্চলের ওই এলাকাগুলো জনবিরল হওয়ায় মৃতের সংখ্যা কম বলে ধারণা করা হচ্ছে।

দাবানল নিয়ন্ত্রণে সহায়তা দেওয়ার জন্য সফররত ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলন্দর প্রতি অনুরোধ জানিয়েছেন চিলের প্রেসিডেন্ট মিশেল বাশলেত। পাশাপাশি প্রতিবেশী আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে ও পেরুসহ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর কাছে বিমান ও হেলিকপ্টার পাঠানোর অনুরোধ জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।