পূর্ব মসুল পুনরুদ্ধারের দাবি ইরাকের
ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) শেষ শক্তিকেন্দ্র মসুল পুনরুদ্ধারে ব্যাপক অভিযান শুরুর ১০০ দিন পর শহরটির পূর্বাংশের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে ইরাক।
সোমবার প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির সঙ্গে বৈঠকের পর ইরাকি পার্লামেন্টের ডেপুটি স্পিকার শেখ হুম্মাম হামৌদি এক বিবৃতিতে পূর্ব মসুল পুনরুদ্ধার হয়েছে বলে ঘোষণা করেন।
বিবৃতিতে তিনি বলেন, “মসুলের পূর্ব তীর সম্পূর্ণ মুক্ত করেছি আমরা, আর এটি ইরাকি জনগণের জন্য একটি উপহার।”
উত্তর-দক্ষিণে বয়ে যাওয়া তাইগ্রিস নদী মসুল শহরটিকে মাঝ বরাবর পূর্ব-পশ্চিম দুই অংশে বিভক্ত করে রেখেছে। পশ্চিমাংশ এখনও পুরোপুরি আইএসের নিয়ন্ত্রণে রয়ে গেছে।
তিন মাসেরও বেশি সময় ধরে চলা অভিযানে ইরাকি বাহিনী পূর্বাংশের প্রায় পুরোটা পুনরুদ্ধার করতে পারলেও রাশিদিয়া এলাকাটি আইএস জঙ্গিদের নিয়ন্ত্রণে রয়ে গিয়েছিল। রোববার ইরাকি সেনাবাহিনী রাশিদিয়ায় প্রবেশ করে বলে জানিয়েছেন সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া রাসুল।
শহরটির উত্তর-পূর্বাংশের এই এলাকাটিতে রয়ে যাওয়া জঙ্গিদের পুরোপুরি নিকেশ করতে সোমবারও চিরুণী অভিযান চলছিল বলে্ এক বিবৃতিতে জানিয়েছেন এই সামরিক কর্মকর্তা।
রাশিদিয়া এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, জঙ্গিরা একটি ট্যাঙ্ক ও একটি গাড়িবোমা প্রস্তুত করে এগোতে থাকা সেনাদের বাধা দেওয়ার প্রস্তুতি নিয়েছিল, কিন্তু বিমান হামলায় ট্যাঙ্ক ও গাড়িবোমাটি ধ্বংস হয়ে যাওয়ার পর সেনাবাহিনী এলাকাটিতে ঢুকে পড়ে।
মসুলের পশ্চিমাংশের জানজালি এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা জানিয়েছেন, পূর্ব তীর থেকে আইএসের জঙ্গিরা পশ্চিম তীরে এসে থাকার জন্য বাড়ি খোঁজা শুরু করেছেন। সরকারি বাহিনীর অভিযানের মুখে তারা পালিয়ে এসেছেন।
মসুল পুনরুদ্ধারের লক্ষে ১৭ অক্টোবর আইএস বিরোধী অভিযান শুরু করে ইরাকি বাহিনীগুলো। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী অভিযানে ইরাকি বাহিনীকে বিমান হামলা দিয়ে সহযোগিতা করে।
২০১৪ সালে আইএস জঙ্গিদের হাতে মসুলের পতন হয়। মুসলের গ্রান্ড মসজিদ থেকেই আইএসের নেতা আবু বকর আল বাগদাদি ইরাক ও সিরিয়ার দখলকৃত এলাকায় ‘ইসলামি খিলাফত’ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন।
