২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার টিপিপি বাণিজ্য চুক্তিতে ট্রাম্পের খড়্গ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই ওবামাকেয়ার বন্ধের নির্দেশের পর এবার ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ বা (টিপিপি) বাণিজ্য চুক্তি বাতিলের নির্বাহী আদেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 23 Jan 2017, 11:41 PM

Updated : 19 Aug 2022, 03:33 PM

এর মধ্য দিয়ে আরেকটি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করলেন তিনি। টিপিপি’র বদলে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি করার পরিকল্পনা করেছেন ট্রাম্প।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার এশিয়া নীতির আওতায় যুক্তরাষ্ট্রসহ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১২টি দেশ টিপিপি চুক্তি স্বাক্ষর করে। চুক্তিতে সদস্য দেশগুলোর মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে বিনা শুল্ক সুবিধার কথা বলা হয় এবং চুক্তির লক্ষ্য ছিল অর্থনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি প্রবৃদ্ধি বাড়ানো।

যুক্তরাষ্ট্র, জাপান, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা ও মেক্সিকোসহ অন্য আরও দেশের দীর্ঘ আলোচনার পর ২০১৫ সালে চুক্তিটি স্বাক্ষরিত হয়। তবে দ্বিধাবিভক্ত মার্কিন কংগ্রেস চুক্তিটি অনুমোদন করেনি।

ট্রাম্প কলমের এক খোঁচায় এ চুক্তি বাতিল করে দিয়ে বলেছেন, “আমরা এই মাত্র যা করলাম সেটি আমেরিকান শ্রমিকদের জন্য একটি বিরাট ব্যাপার।”

তিনি টিপিপি বাণিজ্য চুক্তিকে যুক্তরাষ্ট্রের জন্য বিপর্যয় ঘনিয়ে আসার সংকেত বলেই বর্ণনা করেন। এ চুক্তির কারণে দেশের উৎপাদন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সমালোচনা করেন তিনি।

এর কয়েক ঘণ্টা আগেই ট্রাম্প যুক্তরাষ্ট্রে ব‌্যবসা করে আসা কোম্পানিগুলোর কর এবং নিয়মের কড়াকড়ি কমানোর প্রতিশ্রুতি দেন। লকহিড মার্টিনসহ বড় বড় কয়েকটি কোম্পানির নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প একথা বলেন।

ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প সতর্ক করে দিয়ে এও বলেন যে, যেসব কোম্পানি যুক্তরাষ্ট্রের বাইরে পণ্য উৎপাদন করবে তাদের ওপর বড় ধরনের সীমান্ত কর আরোপ করবেন তিনি।