মন্ত্রণালয়ে অবৈধ চাকরি, জাপানি প্রতিমন্ত্রীর পদত্যাগ
জাপানের শিক্ষা মন্ত্রণালয়ে এক কর্মকর্তাকে প্রতিযোগিতা ছাড়া অবৈধ নিয়োগ দেওয়ার অভিযোগে পদত্যাগ করেছেন ওই মন্ত্রণালয়ের এক প্রতিমন্ত্রী।
শুক্রবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আইন ভঙ্গসহ স্বজনপ্রীতির অভিযোগ তুলে তিনি পদত্যাগ করেন।
মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে দেশটির গণমাধ্যমগুলো বলছে, কিহেই মাইকাওয়া নামের এই প্রতিমন্ত্রীর অগোচরেই মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা সম্প্রতি এক কর্মকর্তাকে নিয়োগ দেয়। যেখানে কোন প্রতিযোগিতার ব্যবস্থা ছিল না।
জাপানের সবচেয়ে বড় বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত ওছাদা বিশ্ববিদ্যালয়ের অবসরে যাওয়া দাইসুকে ইয়োশিদা নামক এক অধ্যাপককে শিক্ষা মন্ত্রণালয়ের জৈষ্ঠ্য কর্মকর্তাদের যোগসাজসে নিয়োগ দেয়া হয়, যিনি ওই বিশ্ববিদ্যালয়ের মাত্র দুই মাস পরই সেখানে যোগদান করেন। পরবর্তীতে ওই অধ্যাপক উচ্চশিক্ষা বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
নিয়োগকালে যথাযথ নিয়ম পালন করা হয়নি অভিযোগে সম্প্রতি একটি তদন্ত কমিটি গঠন করে কেন্দ্রীয় সরকার।
কর্মকর্তাদের নিয়ন্ত্রণ করতে না পারায় ওই অবৈধ নিয়োগ মন্ত্রীর উপরও বর্তায় বলে মাইকাওয়া পদত্যাগ করেন।
তদন্ত কমিটির উদ্ধৃতি দিয়ে মন্ত্রিপরিষদের মুখ্য সচিব ইয়াশিদে সুগা বলেন, মন্ত্রীর অজ্ঞাতসারেই মন্ত্রণালয়ের নিয়োগ বিভাগের প্রধানসহ অন্য ৭ কর্মকর্তা ওই অবৈধ নিয়োগের জন্য দায়ী।
মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিরোকাজু মাসুনো শুক্রবার টোকিওতে এক সংবাদ সম্মেলনে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেন। একই সাথে আর কেউ যাতে এ ধরনের প্রতারণার আশ্রয়ে নিয়োগ না পায় সে বিষয়ে মন্ত্রণালয় সচেষ্ট থাকবে বলে জানান।
এ ঘটনার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শিনজো আবে কঠোরভাবে শিক্ষা মন্ত্রণালয়ের সমালোচনা করেন। ভবিষতে এ ধরনের কাজের পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য সব কর্মকর্তাকে সর্তক থাকার আহ্বান জানান তিনি।
