‘ইসরায়েলি সেনা হত্যাকারী ট্রাক চালক আইএসের সমর্থক’
জেরুজালেমে ইসরায়েলি সেনাদের ওপর ট্রাক চালিয়ে দিয়ে চার সেনাকে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিকে আইএসের সমর্থক বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
রোববার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে এ দাবি জানান তিনি, জানিয়েছে বিবিসি।
তিনি বলেন, “সব ইঙ্গিতেই এটি পরিষ্কার হচ্ছে, ওই হামলাকারী ইসলামিক স্টেটের (আইএস) সমর্থক ছিলেন।”
এ হামলার সঙ্গে ‘নিশ্চিতভাবে’ ফ্রান্স ও বার্লিন হামলার ‘সম্পর্ক থাকতে পারে’ বলে মন্তব্য করেছেন নেতানিয়াহু।
তবে নিজের দাবির সমর্থনে কোনো প্রমাণ দাখিল করেননি ইসরায়েলি প্রধানমন্ত্রী। এর আগে বিভিন্ন সময় ইসরায়েলে হামলার হুমকি দিয়েছিল আইএস।
রোববার জেরুজালেমের আরমন হানাতজিভ এলাকায় একদল ইসরায়েলি সেনার ওপর ট্রাক নিয়ে হামলা করেন এক ফিলিস্তিনি। হামলার পর অন্য সেনাদের গুলিতে তিনি নিহত হন।
এই হামলার পর ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়ের এক বৈঠকে আইএসের প্রতি সহানুভূতিশীল ব্যক্তিদের বিচার ছাড়াই আটকাদেশ দেয়ার বিষয়টি অনুমোদন করা হয়।
পুলিশ জানিয়েছে, ওই হামলায় তিন নারী ও এক পুরুষ সেনা নিহত হয়েছেন। তাদের সবার বয়স ২০ এর কোঠায়। এ হামলায় আরো ১৭ জন আহত হয়েছেন।
ট্যুইটারে ইসরায়েলি সেনাবাহিনীর দেওয়া ছবিতে নিহত চার সেনা। ছবি: বিবিসি
সিসিটিভির ফুটেজে ওই ট্রাকটিকে দ্রুতগতিতে ইসরায়েলি সেনাদের ওপর দিয়ে চলে গিয়ে আবার পেছন দিকে আসতে দেখা গেছে।
“আরো লোকজনকে চাপা দিতে সে ট্রাকটি পেছন দিকে চালিয়ে দেয়,” বলেন প্রত্যক্ষদর্শী লেহ স্কেইবার।
হামলার পর জাবেল মুকাবের এলাকা থেকে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে, এদের মধ্যে পাঁচজন কুনবারের পরিবারের সদস্য।
