২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যের ইইউ রাষ্ট্রদূত আইভান রজার্সের পদত্যাগ

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত এবং ঊর্ধ্বতন ‘ব্রেক্সিট’ কূটনীতিক স্যার আইভান রজার্স আকস্মিকভাবে পদত্যাগ করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2017, 09:13 PM

Updated : 11 Apr 2022, 10:44 PM

ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া অর্থাৎ, ‘ব্রেক্সিট’ প্রক্রিয়া নিয়ে তিন মাসের  মধ্যেই শুরু হতে চলা আলোচনায় আইভান রজার্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছিল। কিন্তু তার আগেই তিনি পদত্যাগ করলেন।

২০১৩ সালে আইভানকে ইইউ রাষ্ট্রদূত নিয়োগ করেছিলেন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রণালয় আইভানের পদত্যাগের কোনও কারণ জানায়নি।

গত মাসে বিবিসি জানিয়েছিল, আইভান গোপনে মন্ত্রীদেরকে বলেছিলেন, যুক্তরাজ্য-ইইউ ব্রেক্সিট চুক্তি চূড়ান্ত হতে ১০ বছর সময় লাগতে পারে। এমন নেতিবাচক কথা বলে তিনি কয়েকজন এমপি’র সমালোচনার শিকার হন।

তবে ইইউ এর ২৭ টি দেশও তার সঙ্গে একমত বলে জানিয়েছিলেন আইভান। কিন্তু মন্ত্রীদের ভাষ্য, ব্রেক্সিট চুক্তি দুবছরেই হতে পারে।

ফলে বিষয়টি নিয়ে আইভান নেতিবাচক দৃষ্টিভঙ্গিরই প্রকাশ ঘটিয়েছেন বলে  অভিমত সমালোচকদের। এ সমালোচনার কয়েক মাসের মাথায়ই আইভান পদত্যাগ করলেন। যদিও তিনি তার এ সিদ্ধান্তের কোনও কারণ ব্যাখ্যা করেননি।

তবে আইভানের মত একজন অভিজ্ঞ মানুষের পদত্যাগ সরকারের ব্রেক্সিট পরিকল্পনায় একটি বড় ধাক্কা বলেই মনে করছেন সাবেক লিবারেল ডেমক্রেট নেতা নিক ক্লেগ।

আইভানের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০১৭ সালের নভেম্বরে।

ব্রেক্সিট সিলেক্ট কমিটির চেয়ারম্যান এবং লেবার এমপি হিলারি বেন রজারসের পদত্যাগ খুবই গুরুতর একটি সময়ে হল বলে মন্তব্য করেছেন। এখন সরকারকে খুব দ্রুতই তার জায়গায় একজনকে নিয়োগ দিয়ে ব্রেক্সিট প্রক্রিয়া নির্বিঘ্ন রাখার নিশ্চয়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।