২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নারী নিপীড়নে দায়ী ‘পশ্চিমা পোশাক’, মন্ত্রীর মন্তব্যে ক্ষোভ ভারতে 

ভারতের ব্যাঙ্গালুরুতে বর্ষবরণ উৎসবে ভিড়ের মধ্যে যৌন নিপীড়নের ঘটনায় নারীদের ‘পশ্চিমাদের মত পোশাক’ পরাকে দায়ী করে একজন মন্ত্রীর মন্তব্যের পর দেশজুড়ে ক্ষোভ সঞ্চার হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2017, 07:28 PM

Updated : 11 Oct 2022, 01:16 PM

অনেকে মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন।

বিবিসি জানায়, ২০১৭ সালকে স্বাগত জানাতে শনিবার রাতে ব্যাঙ্গালুরুর মহাত্মা গান্ধী সড়ক ও ব্রিগেড সড়ক এলাকায় ১০ হাজার থেকে ১২ হাজার লোক জড় হয়।

স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই উৎসবে ভিড়ের মধ্যে নারীদের শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার খবর প্রকাশ পায়।

ব্যাঙ্গালুরু থেকে প্রকাশিত একটি পত্রিকায় ওই রাতের কয়েকটি ছবি প্রকাশ করা হয়। সেখানে নারীদের কাঁদতে এবং পুলিশের কাছে ভিড়ের মধ্যে পুরুষদের কাছে শারীরিকভাবে নিপীড়নের শিকার হওয়ার অভিযোগ করতে দেখা যায়। 

কর্নাটক রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর এ ঘটনার জন্য তরুণদের দায়ী করে বলেন, “তরুণরা পশ্চিমাদের নকল করছে, শুধু মানসিকভাবেই তারা সেটি করছে না বরং তাদের পোশাক-আশাকের নকলও করছে।”

“যার কারণে এ ধরনের ঘটনা ঘটছে।”

জি পরমেশ্বরের এমন মন্তব্যে দেশজুড়ে ক্ষোভ সঞ্চার হয়।

নারীদের জন্য জাতীয় কমিশনের প্রধান ললিতা কুমারামাঙ্গালাম বলেন, “তার উচিত ভারতের নারীদের কাছে ক্ষমা চাওয়া এবং পদত্যাগ করা।”

কেন্দ্রীয় সরকারের জুনিয়র হোম মিনিস্টার কিরণ রিজিজু একে ‘দায়িত্বজ্ঞনহীন মন্তব্য’ বলে বর্ণনা করেন।

টুইটারে তিনি বলেন, “গণউৎপীড়নের মত লজ্জাকর কাজ করার পরও শাস্তি না পাওয়া আমরা কিছুতেই মেনে নেব না।”

“একটি সভ্যসমাজে অবশ্যই নারীদের নিরাপত্তা ব্যবস্থা থাকতে হবে।”

পুলিশ অবশ্য বলছে, এখনও কেউই নিপীড়নের ঘটনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেনি।

তবে উৎপীড়নের প্রমাণ খুঁজতে ওই এলাকায় থাকা সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে।

ব্যাঙ্গালুরুর পুলিশ কমিশনার প্রাভিন সুদ বিবিসি’কে বলেন, ওই এলাকার নিরাপত্তা ক্যামেরার ভিডিও ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে।

“আমরা প্রমাণ হিসেবে উৎপীড়নের ভিডিও এবং ছবি খুঁজে বের করার চেষ্টা করছি। প্রমাণ হিসেবে আমাদের হাতে যে সামান্য জিনিস রয়েছে সেগুলোর প্রতিটি অংশ তন্নতন্ন করে খুঁজে আমরা অপরাধের প্রমাণ খুঁজে বের করার চেষ্টা করছি।”

তিনি সাংবাদিক বা জনগণের কাছে এ সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও থাকলে তা পুলিশের কাছে সরবরাহ করার আহ্বানও জানিয়েছেন।

তিনি বলেন, “আমরা নিপীড়নের শিকার ব্যক্তিদের কাছে যাব এবং তাদের অভিযোগ নেব।”

গণমাধ্যমের খবরে বলা হয়, ঘটনার সময় ওই এলাকায় প্রায় দেড়হাজার পুলিশ মোতায়েন ছিল। তবে এবার অন্যান্য বারের তুলনায় ভিড় তিনগুণ ছিল।

চৈতালি ওয়াজনিক নামে একজন আলোকচিত্রী ফেইসবুকে বলেন, (শনিবার রাতে) কাজ থেকে ফেরার পথে এক ব্যক্তি তার শরীরে হাত দেওয়ার চেষ্টা করছে।

চৈতালি বলেন, “ওই ব্যক্তিকে দেখেই মনে হচ্ছিল সে এরকম কাজ করতে অভ্যস্ত। এমনকি খুব সম্ভবত সে ভেবেছিল আমিও তাকে কিছু বলব না।”

“আমি যখন লোকটার সঙ্গে মারামারি করছিলাম তখনও কোনও পুলিশ এগিয়ে আসেনি।”

ঘটনাস্থলে উপস্থিত ইশিতা (পুরো নাম নয়) নামের এক নারী বলেন, “হঠাৎ করেই ২০ থেকে ২৫ জনের একটি দল রাস্তায় দৌড়াতে শুরু করে এবং পথে বেশ কয়েকজন নারীর শরীর তারা স্পর্শ করে।”

“আমি আমার বাবা- মা ও ভাইয়ের সঙ্গে সেখানে ছিলাম। আমাদের দলে ১২ থেকে ১৫ জন লোক থাকায় তারা আমাদের দিকে আসতে সাহস পায়নি। সেখানে প্রচুর পুলিশ ছিল। তারা আমাদের ঘিরে ধরে কাছের মেট্রো স্টেশনে পৌঁছে দেয়।”

গত বছর বর্ষবরণ উৎসবে জার্মানির কোলন শহরেও একই ধরনের ঘটনা ঘটেছিল।