২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার

সিরিয়ার সরকার ও বিরোধী দলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 29 Dec 2016, 10:41 PM

Updated : 12 Apr 2022, 03:36 AM

ক্রেমলিনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার মধ্যরাত থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে।

মস্কো, ইরান ও তুরুস্ক প্রায় ছয় বছর ধরে চলা সিরিয়ার ‍গৃহযুদ্ধ অবসানে শান্তি আলোচনা শুরু করতে প্রস্তুত বলে জানানোর পর ক্রেমলিন থেকে এ ঘোষণা এল।

পুতিন বলেন, সিরিয়া সরকার এবং বিরোধী দলগুলো বেশ কিছু কাগজপত্রে সই করেছে, সেগুলোর মধ্যে যুদ্ধবিরতি চুক্তিও আছে।

“যদিও যে চুক্তিতে উপনীত হওয়া গেছে সেটি খুবই নাজুক এবং নিশ্চিতভাবেই এর বিশেষ মনযোগ ও সহযোগিতা প্রয়োজন। তবে বলতেই হবে, এটি আমাদের একসঙ্গে কাজ করার উল্লেখযোগ্য একটি ফল।”

সিরিয়ায় মোতায়েন করা রুশ সেনাদের সংখ্যা কমিয়ে আনা বিষয়েও একমত  হওয়া গেছে বলে জানান তিনি।

‘ দ্য সিরিয়ান আর্মি’র পক্ষ থেকেও দেশজুড়ে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছে।

কিন্তু ইসলামিক স্টেট (আইএস), সাবেক নুসরা ফ্রন্টের জঙ্গিরা এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট সব দল এ চুক্তির আওতার বাইরে থাকবে বলে জানিয়েছে তারা।

বিরোধী দলগুলোর বেশ কয়েকজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, তারাও যুদ্ধ বিরতিপরিকল্পনার সঙ্গে একমত, তবে কোন কোন বিরোধী দল চুক্তির আওতায় রয়েছে সে বিষয়ে স্পষ্ট কোনও ধারণা তাদের নেই।

গত সপ্তাহে রাশিয়া, ইরান ও তুরস্ক কর্তৃপক্ষ সিরিয়ায় শান্তি আলোচনা পুনরায় শুরু করা এবং যুদ্ধবিরতি ঘোষণা করতে প্রস্তুত বলে জানায়।

সিরিয়ার গৃহযুদ্ধে তুরস্ক কয়েটি বিরোধী দলকে এবং রাশিয়া সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন করছে।

নতুন করে শুরু হওয়া শান্তি আলোচনায় উভয় দেশ ‘জামিনদারের’ ভূমিকায় রয়েছে।

রাশিয়ার মিত্র ইরানও সিরিয়ার সরকারি বাহিনীকে সমর্থন দিচ্ছে। লেবাননের শিয়া হিজবুল্লাহ গেরিলারাও আসাদ বাহিনীর হয়ে যুদ্ধ করছে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসংলু বলেন, “সব বিদেশি যোদ্ধাদের সিরিয়া ত্যাগ করা প্রয়োজন। হিজবুল্লাহ গেরিলাদেরও লেবানন ফিরে যাওয়া উচিত।”

সিরিয়ার গৃহযুদ্ধ অবসানে পরবর্তী আলোচনা হবে কাজাখস্তানের রাজধানী আস্তানায়। ওই আলোচনা টেবিলে যুক্তরাষ্ট্রকে দেখা যাবে না।

রুশ কর্মকর্তারা বলেন, ওয়াশিংটনের সিরিয়া নীতি নিয়ে তুরস্ক এবং রাশিয়া উভয় পক্ষে হতাশা বাড়ছে। সিরিয়ায় শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র অনুপস্থিতি ওই হতাশার প্রতিফলন।

তবে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্র চাইলে সিরিয়ার শান্তি আলোচনায় অংশ নিতে পারবে।

 নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিদের বরাত দিয়ে রয়টার্স জানায়, সিরিয়ার গৃহযুদ্ধ অবসানে নতুন যে উদ্যোগ নেওয়া হয়েছে সেখানে অনানুষ্ঠানিকভাবে দেশটিকে কয়েকটি অঞ্চলিক সরকারে ভাগ করা হবে এবং আগামী অন্তত পাঁচ বছর আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট থাকবেন।