২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বিষাক্ত মদ পান করে ৩২ জনের মৃত্যু

পাকিস্তানের পাঞ্জাবে বড়দিনের উৎসবের মধ্যে বিষাক্ত মদ পান করে অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2016, 07:15 PM

Updated : 12 Apr 2022, 03:36 AM

পুলিশ জানায়, পাঞ্জাবের তোবা টেক সিং শহরে বাড়িতে তৈরি মদ পানে এ ঘটনা ঘটে। মৃতদের বেশিরভাগই সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের।

পুলিশ কর্মকর্তা মোহাম্মদ নাদিম বিবিসি’কে বলেন, তোবা টেক সিং ও ফয়সালাবাদের হাসপাতালে এখনও ২৫ জনের চিকিৎসা চলছে।

তিনি বলেন, “খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন ২৫ ডিসেম্বর রাতে মদ পান করে এবং নিজ নিজ বাড়িতে চলে যায়। পরদিন সকালে অনেককেই বিছানায় মৃত অবস্থায় পাওয়া যায়। অনেকে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে।”

“স্থানীয় মাদক বিক্রেতাদের কাছে থাকা সব মদ বিক্রি হয়ে যাওয়ায় ওই এলাকার দুই জন ‍মুসলিম ব্যক্তিকে অন্য কোথাও থেকে মদ কিনে আনতে বলা হয়েছিল। ওই দুই ব্যক্তিও মারা গেছে।”

বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।

পাঞ্জাব প্রদেশে মাত্র দুইমাস আগে বিষাক্ত মদ পানে ১১ জনের মৃত্যু হয়েছিল।