রুশ বিমান দুর্ঘটনা: কৃষ্ণসাগরে চলছে লাশের খোঁজ
রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৯২ জন নিহতের ঘটনায় লাশের খোঁজে কৃষ্ণসাগরে ব্যাপক তল্লাশি অভিযান চলছে।
সোচি শহরের কাছে এ অভিযানে তিন হাজারের বেশি উদ্ধারকর্মী অংশ নিচ্ছে। একাধিক জাহাজ, বিমান, হেলিকপ্টার ও ডুবোযানসহ নিয়োজিত রয়েছে ১শ’র বেশি ডুবুরি।
রুশ সামরিক বিমানটি রোববার কৃষ্ণসাগরে বিধ্বস্ত হয়। বিমানটিতে সামরিক বাহিনীর আটজন সদস্যদের পাশাপাশি নয়জন সাংবাদিক এবং রুশ সেনাবাহিনীর একটি বিখ্যাত সংগীত দল আলেক্সান্দ্রভএনসেম্বলের ৬৪ সদস্য ছিলেন।
টুপোলেভ-১৫৪ উড়োজাহাজটি মস্কো থেকে রওনা হয়ে জ্বালানি নিতে কৃষ্ণসাগরের অবকাশযাপন কেন্দ্র সোচিতে নেমেছিল। স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে এটি সোচি থেকে সিরিয়ার লাতাকিয়ার উদ্দেশে উড্ডয়নের দুই মিনিটের মাথায় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর সাগরে বিমানটির কিছু ধ্বংসাবশেষ ও বেশ কয়েকটি মৃতদেহ পাওয়া গেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বিমানটির নিয়ন্ত্রণ ব্যবস্থার দুটি অংশবিশেষ পাওয়া গেছে এবং সেগুলো উদ্ধার করা হয়েছে।
এছাড়াও এ পর্যন্ত ১১ টি লাশ এবং ১৫৪ টি দেহাংশ উদ্ধার করা গেছে বলে জানানো হয়েছে বিবিসি’র খবরে। তবে কর্মকর্তাদের ধারণা, বিমানটির ধ্বংসাবশেষে আরও বহু মানুষ আটকা পড়ে থাকতে পারে।
বিমান বিধ্বস্ত হওয়ার এলাকায় অবিরাম অভিযান চলছে এবং অভিযানে শক্তিশালী প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র।
বিমানটি বিধ্বস্ত হওয়ার সম্ভাব্য সব কারণ অনুসন্ধান করে দেখছেন তদন্তকারীরা।
প্রাথমিকভাবে বিমানটি যান্ত্রিক গোলযোগের কারণে বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হলেও রাশিয়ার গণমাধ্যমে বাজানো অডিও রেকর্ডিং এবং যেটিকে বলা হচ্ছে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের সঙ্গে বিমানটির শেষ যোগাযোগ, তাতেও এ ধরনের কোনও জটিলতার লক্ষণ পাওয়া যায়নি।
