২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিলিতে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প

চিলির দক্ষিণাঞ্চলে পুয়ের্তো মন্টের দক্ষিণপশ্চিমে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2016, 09:51 PM

Updated : 12 Apr 2022, 03:35 AM

রোববার এ ভূমিকম্পের পর এর উৎপত্তিস্থলের ১ হাজার কিলোমিটার এলাকাজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র একথা জানিয়েছে। চিলির নৌবাহিনীও সুনামি সতর্কতা জারি করেছে।

ভূমিকম্পের উৎপত্তি হয়েছে মাটির ১৫ কিলোমিটার গভীরে। দক্ষিণাঞ্চলীয় কুয়েলনের প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এ ভূমিকম্প আঘাত হানে। এতে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি।

চিলির জাতীয় জরুরি কার্যালয় (ওএনইএমআই) সতর্কতা জারি করেছে এবং লস লাগোস এলাকার উপকূলীয় এলাকাগুলো খালি করার নির্দেশ দিয়েছে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ১ হাজার কিলোমিটার এলাকার মধ্যকার উপকূলীয় এলাকাগুলোতেই সুনামির প্রথম ঢেউ আছড়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

চিলিতে প্রাণঘাতী বহু ভূমিকম্পের দীর্ঘ ইতিহাস আছে। ২০১০ সালে দক্ষিণ-মধ্যাঞ্চলীয় উপকূলে ৮ দশমিক ৮ মাত্রার এমনই এক ভূমিকম্পে সৃষ্ট সুনামিতে উপকূলীয় শহরগুলো ধ্বংস হয়ে গিয়েছিল।