ইকুয়েডর উপকূল বরাবর ভূমিকম্পে নিহত ২
ইকুয়েডরের প্রশান্ত মহাসাগরীয় উপকূল বরাবর ৫.৮ মাত্রার এক ভূমিকম্পে অন্তত দুই জন নিহত হয়েছেন।
সোমবার ভোররাতের এ ভূমিকম্পে আরো ১৫ জন আহত হয়েছেন এবং একটি তেল শোধনাগারের উৎপাদন বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
রাজধানী কিতোর উত্তর-পশ্চিমে ইসমেরালদাস প্রদেশের আতাকামেস উপকূলে ভূমিকম্পটির উৎপত্তি বলে রেকর্ড করেছে দেশটির ভূতাত্ত্বিক ইনস্টিটিউট। মূল ভূমিকম্পের পর কম শক্তিশালী আরো ১৫টি পরাঘাত রেকর্ড করা হয়।
ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া ইসমেরালদাস প্রদেশের কমকর্তাদের সঙ্গে বৈঠক করছেন।
চলতি বছরের প্রথমদিকে ৭.৮ মাত্রার এক ভূমিকম্পে একই এলাকাটি বিধ্বস্ত হয়ে গিয়েছিল। ওই ভূমিকম্পে ৬৭০ জন নিহত হওয়া ছাড়াও কয়েক হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছিলেন। ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছিল কয়েক কোটি ডলার।
দেশটির জাতীয় ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক সচিব সুসানা ডুয়েনাস স্থানীয় রেডিওতে বলেছেন, “দুঃখের সঙ্গে জানাচ্ছি, ভূমিকম্পের কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সী এক নারী মারা গেছেন।”
আরেক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে, তবে কীভাবে তার মৃত্যু হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোইকুয়েডরের প্রধান পেদ্রো মেরিজালদে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, পূর্ব সতর্কর্তাজনিত কারণে ইসমেরালদাস শোধনাগারের উৎপাদন বন্ধ রাখা হয়েছে। এই শোধনাগারটির দৈনিক তেল শোধন ক্ষমতা এক লাখ ১০ হাজার ব্যারেল।
মেরিজালদে জানিয়েছেন, শোধনাগারের অবকাঠামো পরীক্ষা করে দেখা হবে এবং এর জন্য শোধনাগারটি দুইদিন বন্ধ রাখা হতে পারে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ওই জনপ্রিয় পর্যটন এলাকার তিনটি হোটেল ধ্বংস হয়ে গেছে এবং আরো কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
