ইরান পরমাণু চুক্তির শর্ত পালন করছে: জাতিসংঘ
ইরান নিজেদের পরমাণু প্রকল্প নিয়ে বিশ্ব শক্তির সঙ্গে করা চুক্তির শর্তাবলী মেনে চলছে বলে জানিয়েছে জাতিসংঘের অটোমিক এনার্জি ওয়াচডগ।
ইন্টারন্যাশনাল অটোমিক এনার্জি এজেন্সির (আইএইএ) মহাপরিচালক ইউকিয়া আমানো এ কথা বলেছেন বলে তেহরানের বরাত দিয়ে রোববার খবর প্রকাশ করে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ।
“আমরা ইরানের (পরমাণু) চুক্তির বাস্তবায়ন নিয়ে সন্তুষ্ট এবং আশা করছি এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।”
“ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ আছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ।”
ইরানের পরমাণু শক্তি বিভাগের প্রধান আলি আকবর সালেহির সঙ্গে বৈঠকে আমানো এ কথা বলেছেন বলে জানিয়েছে আইআরএনএ।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমকে সালেহি বলেন, “বৈঠকে আমরা আমাদের কিছু অভিযোগ জানিয়েছি এবং কিছু বিষয় পরিস্কার করে নিয়েছি।”
“আমরা সবসময়ই বলেছি, যদি অন্যপক্ষ চুক্তির শর্ত ভঙ্গ না করে তবে আমরাও প্রতিশ্রুতি লঙ্ঘন করবো না।”
২০১৫ সালের ১৪ জুলাই বিশ্বের ছয় শক্তি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, রাশিয়া ও জার্মানির সঙ্গে ইরানের পরমাণু চুক্তি হয়।
চুক্তি অনুযায়ী আগামী অন্তত দশ বছর ইরান তাদের পরমাণু কর্মসূচি সীমিত করবে, বিনিময়ে দেশটির উপর থেকে চলমান নিষেধাজ্ঞা তুলে নেবে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ।
যদিও ওই সময় চুক্তির বিষয়ে ইরানের কট্টরপন্থিরা আপত্তি জানায় এবং সংসদের তারা চুক্তির বিরোধিতা করে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা পরমাণু চুক্তিকে স্বাগত জানালেও দেশটির সংসদে সংখ্যাগোরিষ্ঠ রিপাবলিকানরা চুক্তির বিপক্ষে অবস্থান নেয়।
যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদল হয়েছে। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করেছেন।
নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প ইরানের পরমাণু চুক্তি নিয়ে নতুন করে আলোচনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে তেহরান।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপের বিলের মেয়াদ আরও ১০ বছর বাড়ানোর প্রস্তাব করা হয়।
বৃহস্পতিবার হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়, প্রেসিডেন্ট ওবামার সাক্ষর ছাড়াই ইরানের উপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর প্রস্তাব আইনে পরিণত হবে। তবে ওই বিল পরমাণু চুক্তির উপর সর্বপরি কোনো প্রভাব ফেলবে না বলেও বলা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর প্রস্তাব উঠার পর গত মঙ্গলবার ইরান নিজেদের পরমাণু বিজ্ঞানীদের পরমাণু-শক্তি পরিচালিত জাহাজ বানানোর গবেষণা শুরু করার নির্দেশ দিয়েছেন।
চুক্তি সাক্ষর করা দেশগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিশনকে চুক্তি বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণে একটি বৈঠক আয়োজনের অনুরোধও ইরান করেছে বলে জানিয়েছে রয়টার্স।
