২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোমা সম্প্রদায়ের ‘সংগীত সম্রাজ্ঞী’ রেজেপোভার মৃত্যু

মেসেডোনিয়ার ‘রোমানি সংগীত সম্রাজ্ঞী’ হিসেবে পরিচিতি পাওয়া এসমা রেজেপোভা আর নেই। রোমানি ভাষার এই শিল্পী ৭৩ বছর বয়সে মারা যান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2016, 12:59 PM

Updated : 12 Apr 2022, 03:30 AM

বিবিসি বলছে, স্বল্প সময় অসুস্থতায় ভুগে স্কোপিয়ার একটি হাসপাতালে তিনি মারা যান বলে হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে।

রোমানি ভাষায় প্রথম গান গেয়ে যে কয়েকজন শিল্পী উঠে এসেছেন তিনি তাদের একজন।

২০১৩ সালে ইউরোভিশনে মেসেডোনিয়ার প্রতিনিধিত্ব করেন রেজেপোভা। ২০০৬ সালে নির্মিত চলচ্চিত্র ‘বোরাট’-এ সূচনা সংগীতে তিনি কণ্ঠ দিয়েছেন।

দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে সংগীত জগতে বিচরণকালে রেজেপোভাকে বর্ণবৈষম্যসহ বিভিন্ন ধরনের কুসংস্কার-প্রথা ও প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়তে হয়েছে।

রোমা সম্প্রদায়ের নারীদের অধিকার নিয়ে সোচ্চার ছিলেন তিনি। সংগীতচর্চা ও নিজের পছন্দে বিয়ে করে তিনি নিজের সম্প্রদায়ের কাছে সমালোচিত হয়েছিলেন । তার বিরুদ্ধেও লড়তে হয়েছে তাকে।

নিজের সম্প্রদায়ের বাইরে সংগীত পরিচালক স্টেভো থিয়েডোজিয়াস্কিকে বিয়ে করেছিলেন রেজেপোভা।

রেজেপোভা মানবতার জন্য কাজ করেছেন। জীবনভর ৪৭টি শিশুকে প্রতিপালন করে বড় করেছেন তিনি। শান্তিতে নোবেল পুরস্কারের জন্য তিনবার মনোনয়ন পেয়েছেন এই শিল্পী।

ইউরোপে জিপসি নামে পরিচিত রোমা সম্প্রদায় মূলত একটি যাযাবর ধর্মপ্রাণ অর্থোডক্স খ্রিস্টান সম্প্রদায়।

এরা মধ্য ইউরোপের অন্যতম ক্ষুদ্র জাতিগোষ্ঠী । অতীত কাল থেকে যাযাবর জীবনে অভ্যস্ত হওয়ায় ইউরোপের তথাকথিত আধুনিক ব্যবস্থার সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিতে সময় লাগে এই সম্প্রদায়ের।

ইউরোপের প্রায় সব দেশেই এই সম্প্রদায়ের মানুষ বৈষম্য ও অনাচারের শিকার। উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে আসার সুযোগ করে দেয়ার পরিবর্তে তাদের উচ্ছেদের চেষ্টা চলছে প্রতিনিয়ত।

রোমা সম্প্রদায়ের ঐতিহ্য অনুসারে মেয়েকে পাত্রপক্ষের কাছে বিক্রি করা হয়। আর পাত্র পাত্রীকে কিনে নিয়ে বিয়ে করে।