২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে অগ্নিকাণ্ডে বহু হতাহতের শঙ্কা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি ডিজে পার্টিতে আগুন লেগে বহু মানুষের হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2016, 01:57 AM

Updated : 20 Aug 2022, 02:24 PM

বিবিসি জানিয়েছে, নয়জনের মৃত্যুর কথা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। তবে তারা আশঙ্কা করছে, নিহতের সংখ‌্যা বেড়ে ৪০ এ পৌঁছাতে পারে।  

ওকল্যান্ড ফায়ার সার্ভিসের প্রধান টেরিজা ডেলোশি রিড জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সময় সেখানে ৫০ থেকে ১০০ জন ছিলেন বলে তারা জানতে পেরেছেন।

ওকল্যান্ডের ফ্রুইটভেল জেলায় একটি দ্বিতল ওয়‌্যারহাউজকে রূপান্তর করে সেখানে ওই রেভে (ড‌্যান্স পার্টি হল) বানানো হয়েছিল। স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে যখন অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়, তখন সেখানে গোল্ডেন ডোনা নামের একটি ইলেকট্রিক ব‌্যান্ড দলের পরিবেশনা চলছিল।

সোশাল মিডিয়ায় আসা ভিডিওতে দেখা যায়, ভবনের ছাদ ছাড়িয়ে বহু উপরে উঠে গেছে আগুনের শিখা।

ডেলোশি রিড জানান, ওই ভবনের ভেতরে আগুন নেভানোর জন‌্য স্বয়ংক্রিয় কোনো পানি ছিটানোর ব‌্যবস্থা ছিল না। ফায়ার অ‌্যালার্মের কোনো শব্দও অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা শোনেননি।

ওই ওয়‌্যারহাউজে বেশ কয়েকজন শিল্পীর স্টুডিও ছিল। ভেতরে ছিল প্রচুর আসবাবপত্র, ম্যানিকিন ও বিভিন্ন সামগ্রী। আর দ্বিতীয় তলা থেকে বের হওয়ার জন‌্য ছিল একটিমাত্র কাঠের সিঁড়ি।

ওই ভবন বানানোর ক্ষেত্রে যথাযথভাবে নিয়ম মানা হয়েছিল কি না- তদন্তকারীরা তা খতিয়ে দেখছেন বলে বিবিসি জানিয়েছে।