কংগ্রেসে অনুমোদন পেল কলম্বিয়ার শান্তিচুক্তি
কলম্বিয়ার কংগ্রেসে বিদ্রোহী গোষ্ঠী ফার্কের সঙ্গে সংশোধিত শান্তিচুক্তি অনুমোদিত হয়েছে।
বুধবার নিম্নকক্ষ কংগ্রেসে ১৩০-০ ভোটে চুক্তিটি পাস হয়।
এর একদিন আগে মঙ্গলবার সিনেটে ৭৫-০ ভোটের ব্যবধানে চুক্তিটি পাস হয়েছিল।
তবে দেশটির সাবেক প্রেসিডেন্ট ও বর্তমানে সিনেটর আলভারো উরিব কংগ্রেসে এটি পাসে বিরোধিতা করেছেন। তার দাবি, সংশোধিত চুক্তিতেও ফার্ক গেরিলাদের অনেক ছাড় দেওয়া হয়েছে, যারা দীর্ঘ ৫২ বছর ধরে সরকারের বিরুদ্ধে লড়াই করছে।
পাঁচ দশকের রক্তক্ষয়ী সংঘাতের অবসানে ফার্ক গেরিলাদের সঙ্গে কলম্বিয়া সরকারের করা ‘ঐতিহাসিক’ প্রথম শান্তিচুক্তিটি গেল মাসে গণভোটে খুব কম ব্যবধানে প্রত্যাখ্যান করে দেশটির ভোটাররা।
কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস শান্তিচুক্তির এই উদ্যোগের জন্য অক্টোবরে নোবেল শান্তি পুরস্কার জয় করেন। তিনি চান, চুক্তিটি দ্রুত কার্যকর করার মাধ্যমে ফার্ক গেরিলাদের সঙ্গে হওয়া অস্ত্রবিরতি বজায় থাকুক।
চার বছরের আলোচনার পর দ্য রেভল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) নেতা টিমোশেনকো ও মধ্য-ডানপন্থী সরকারের প্রধান ম্যানুয়েল সান্তোস চুক্তিতে সই করেছিলেন।
চুক্তিটি আনুষ্ঠানিকভাবে বাস্তবায়িত হতে জনগণের ‘সম্মতি’র দরকার ছিল; সে জন্য আয়োজিত গণভোটে তা বাতিল হয়ে যায়।
সমালোচকদের দাবি, শান্তিচুক্তিতে ফার্কের গেরিলা বাহিনীকে বেশি ‘ছাড় দেওয়া হয়েছে’ বলে মনে করছে কলম্বিয়ার জনগণ।
চুক্তিতে জেলে থাকা অনেক গেরিলাকেই ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে, যাদের বিরুদ্ধে অসংখ্য মানুষকে হত্যা ও নির্যাতনের অভিযোগ রয়েছে।
