২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিদেলের মৃত্যুতে উদ্বিগ্ন কিউবাবাসী, দোরগোড়ায় করা নাড়ছেন ট্রাম্প

শক্তিশালী প্রতিবেশী যুক্তরাষ্ট্রের রক্তচক্ষু উপেক্ষা করে সবসময় অতন্দ্রপ্রহরী হয়ে দেশবাসীকে রক্ষা করবেন ফিদেল কাস্ত্রো- প্রজন্মের পর প্রজন্ম ধরে কিউবার জনগণের এই বিশ্বাস প্রিয় নেতার মৃত্যুতে টলে গেছে। বিশেষ করে দোরগোড়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া নাড়ার এ সময়ে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2016, 07:55 PM

Updated : 12 Apr 2022, 03:23 AM

বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিদেল কাস্ত্রোর দেশ কিউবার সম্পর্ক বরাবরই বৈরী। দুই বছর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার ঐতিহাসিক কিউবা সফর দুই প্রতিবেশীর মধ্যে দীর্ঘ বৈরিতার অবসান ঘটিয়ে সম্পর্ক উন্নয়নের আভাস দিচ্ছিল।

ওই সফরে দু’দেশের মধ্যে বাণিজ্য ও ভ্রমণ সম্পর্ক সহজ করার বিষয়ে একমত হয়েছিলেন ওবামা ও কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো, ‍যিনি ফিদেল কাস্ত্রোর ছোট ভাই।

কিন্তু এখন ফিদেল কাস্ত্রো নেই, ওবামার মেয়াদও শেষ হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্র ও কিউবার সম্পর্ক আসলে কী হবে তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

কারণ, এখন পর্যন্ত ওবামা এবং ট্রাম্পের পররাষ্ট্রনীতি সম্পূর্ণ আলাদা হবে বলে আভাস পাওয়া যাচ্ছে।

বিভিন্ন দেশের সঙ্গে ওবামার করা চুক্তি, বিশেষ করে বাণিজ্য চুক্তিগুলো পুনঃপর্যালোচনার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কিউবার জন্য বাণিজ্য ও ভ্রমণের যে দ্বার খুলে দিয়েছিলেন ওবামা সেটি বন্ধ করে দিতে পারেন ট্রাম্প।

কারণ, নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প ফ্লোরিডায় কিউবা-বংশোদ্ভূত আমেরিকান ভোটারদের মন জয় করতে কাস্ত্রোর বিরুদ্ধে তার অবস্থান আরও দৃঢ় করা এবং হাভানায় নতুন করে চালু হওয়া যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

তারও আগে ট্রাম্প যখন প্রাইমারির নির্বাচনের প্রচার চালাচ্ছিলেন তখন তিনি বলেছিলেন, “কিউবার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন ঠিক আছে। কিন্তু ওবামার আরও ভাল চুক্তি করা উচিৎ ছিল।”

এখন ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর কিউবার প্রতি তার দৃষ্টিভঙ্গি কি হবে তা বোঝা কঠিন।

৯০ বছর বয়সী কাস্ত্রোর মৃত্যুর পর ওবামা তাকে ‘অদ্বিতীয় ব্যক্তিত্ব’ বলে বর্ণনা করেছেন। অন্যদিকে, ট্রাম্প তাকে ‘নিষ্ঠুর স্বৈরশাসক’ আখ্যা দিয়েছেন।

যুক্তরাষ্ট্র-সমর্থিত সরকারকে উৎখাত করে কিউবার ক্ষমতায় এসেছিলেন কাস্ত্রো।

৪৯ বছর কিউবার ক্ষমতায় থেকে যুক্তরাষ্ট্রের দশজন প্রেসিডেন্টের ক্ষমতার পালাবদল দেখেছেন, যাদের কারও সঙ্গেই তার সম্পর্ক ভাল ছিল না। যুক্তরাষ্ট্র সরকারকে বিশ্বাস করা যায় না একথা বলে বরাবরই কিউবাবাসীকে সতর্ক করে এসেছিলেন তিনি।

ফিদেল কাস্ত্রোর ছোট ভাই রাউল কাস্ত্রো মার্কিন প্রেসিডেন্ট ওবামা প্রশাসনকে কিউবার এক পার্টির রাজনৈতিক পদ্ধতি আরও উদার করার সুযোগ খুব একটা দেননি।

কিন্তু কিউবার অনেক নাগরিকই এখনও ট্রাম্পের হম্বিতম্বি মোকাবেলায় তাদের প্রয়াত নেতা ফিদেলের কারিশমা এবং তার কথা বলার ধরনের ওপরই বেশি আস্থাশীল।

হাভানার রাস্তায় ফেরি করে বেড়ানো এক ফুল বিক্রেতার উক্তি, “এল কমান্দান্তে (দি কমান্ডার) চলে গেছেন। এখন ট্রাম্প যেভাবে চিন্তাভাবনা এবং কাজকর্ম করেন তাতে কী ঘটবে তা নিয়ে আমি কিছুটা উদ্বিগ্ন।”

“ওবামা যাকিছু করে গেছেন তার সবই ট্রাম্প উল্টে দিতে পারেন। ওবামা যুক্তরাষ্ট্রকে কিউবার সঙ্গে ঘনিষ্ঠ করে তোলার জন্য অনেক কিছুই করেছিলেন।”

প্রেসিডেন্ট ওবামা কিউবার ওপর থেকে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য মার্কিন কংগ্রেসকে যদিও রাজি করাতে পারেননি, কিন্তু তিনি ব্যক্তিগতভাবে এ নিষেধাজ্ঞার নিন্দা করেছিলেন এবং তার নির্বাহি ক্ষমতাবলে কিউবার সঙ্গে যোগাযোগ এবং ব্যবসা-বাণিজ্য বাড়িয়েছিলেন।

প্রায় অর্ধশতাব্দী পর যুক্তরাষ্ট্রের প্রথম বাণিজ্যিক ফ্লাইট সোমবারই হাভানা পৌঁছার কথা রয়েছে।

এ ধরনের পদক্ষেপগুলো নতুন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প খুব সহজেই পুনপর্যালোচনা করতে পারেন। তিনি কিউবার ব্যাপারে তার অবস্থান স্পষ্ট করেননি। তবে কিউবার ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বহাল রাখার পক্ষে সোচ্চার মৌরিসিও ক্ল্যাভার-ক্যারোন কে ট্রাম্প তার প্রশাসনে রেখেছেন।

যদিও নতুন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্প গত শনিবার বলেছেন, তার প্রশাসন ২০ জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর ফিদের কাস্ত্রো বিহীন কিউবার জনগণের স্বাধীনতা এবং সমৃদ্ধির জন্য যা কিছু করা প্রয়োজন করবেন।

হাভানার এক ট্যাক্সি চালক বলেন, “ওবামার একেবারে ঘোর বিপরীতে আছেন ট্রাম্প।”

কিউবায় জনগণের জীবনযাত্রা এখনও অনেক কঠিন হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক কিছুটা স্বাভাবিক হওয়ায় ডলার আয় বেড়েছে। কিন্তু ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর এ প্রবাহ বন্ধ হয়ে যেতে পারে বলেই শঙ্কা ওই ট্যাক্সি চালকের।

বিদেশি পর্যটকদের জন্য গাড়ি চালিয়ে সপ্তাহে ১০০ থেকে ১২০ ডলার আয় করা এক গাড়িচালকের বাবা বলেন, “ পর্যটকদের আনাগোনা কেমে যেতে পারে।”

কিউবার আরেক নাগরিকের উক্তি, “ট্রাম্পের নীতি খুবই আগ্রাসী। আমাদেরকে দেখতে হবে তিনি আসলে কি করেন। কিন্তু তার শাসনামল লাতিন আমেরিকা এবং বিশেষ করে কিউবার জন্য সন্দেহাতীতভাবেই ভাল হবে বলে মনে হচ্ছে না।”