নিউ জিল্যান্ডে মাছ ধরার নৌকা ডুবে ৭ জেলের মৃত্যু
নিউ জিল্যান্ডের কাইপারা বন্দরের অদূরে একটি মাছধারার নৌকা ডুবে অন্তত সাত জেলের মৃত্যু হয়েছে।
শনিবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টায় উত্তাল সাগরে নৌকাটি ডুবে যায়, পুলিশের বরাতে জানিয়েছে বিবিসি।
এ সময় নৌকাটিতে ১১ জন জেলে ছিলেন। ঘটনার পর সাগর থেকে তিন জেলেকে উদ্ধার করা হয়।
এদের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, তৃতীয় জনের অবস্থা স্থিতিশীল রয়েছে।
প্রবল ঝড়ো বাতাসের কারণে সাগর উত্তাল থাকায় উদ্ধারকাজে বিঘ্ন ঘটে। দুজনের লাশ ভেসে যায় ও অপর একজন শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ ছিলেন।
নৌকাডুবির কারণ তদন্ত করে দেখছেন কর্মকর্তারা।
