দাবানল ঠেকাতে ইসরায়েলে বিমান পাঠাল রাশিয়া
ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে সাহায্য করার জন্য সেখানে দুইটি বিমান পাঠিয়েছে রাশিয়া।
রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে শুক্রবার এক বিবৃতিতে বলা হয়, বেরিয়েভ বিই-২০০ উভয়চর বিমান দুইটি শুক্রবার ভোরে তেল আবিবের বিমানবন্দরে অবতরণ করেছে।
দাবানল নিয়ন্ত্রণে বিমান দুইটি ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বলেও জানান মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
বিমানগুলো ১২ হাজার লিটার পানি বহনে সক্ষম। রাশিয়া ছাড়াও ফ্রান্স, তুরস্ক এবং সাইপ্রাসও ইসরায়েলে অগ্নিনির্বাপণে সহায়তা করার জন্য বিমান পাঠাচ্ছে। অগ্নিনির্বাপনের আন্তর্জাতিক চেষ্টায় শামিল হতে চেয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষও।
দাবানলের কারণে ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফা থেকে প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার খবর প্রকাশ করেছে টাইমস অব ইসরায়েল।
বিবিসি বলছে, দুই মাসের টানা খরার কারণে ওই দাবানলের সৃষ্টি হয় এবং তীব্র বাতাসের কারণে সেটি দ্রুত শহরটির উত্তরাংশে ছড়িয়ে পড়ে।
যদিও স্থানীয় কয়েকটি গণমাধ্যমের খবরে, ‘রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আগুন জ্বালিয়ে’ দাবানলের সৃষ্টি করা কথা বলা হয়েছে।
দাবানলের কারণে পশ্চিম তীর ও জেরুজালেমের ঘর-বাড়িও হুমকির মুখে রয়েছে।
