২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে ৩ পাকিস্তানি সেনা নিহত

কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে ভারত-পাকিস্তান গোলাগুলিতে তিন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2016, 12:31 PM

Updated : 12 Apr 2022, 03:22 AM

বুধবারের এ ঘটনায় নিহতদের মধ্যে সামরিক বাহিনীর এক কর্মকর্তা রয়েছেন বলে জানিয়েছে পাকিস্তান সামরিক বাহিনীর অন্তঃবাহিনী জনসংযোগ সম্পর্কিত (আইএসপিআর) বিভাগ, খবর ডন অনলাইনের।

“বিনা উস্কানিতে চালানো ভারতীয় গুলিবর্ষণের জবাব দেওয়ার সময় নিয়ন্ত্রণ রেখার কাছে তারা শাহাদাৎ বরণ করেন,” আইএসপিআরের বিবৃতিতে বলা হয়।

নিহত সেনাদের একজন ক্যাপ্টেন তাইমুর আলি খান ও অপর দুজন হাবিলদার মুস্তাক হুসেইন এবং ল্যান্স নায়েক গুলাম হুসেইন বলে বিবৃতিতে জানানো হয়েছে।

পাকিস্তানি সেনাদের পাল্টা গুলিতে ‘সাত ভারতীয় সেনা নিহত’ হয়েছেন বলে বিবৃতিটিতে দাবি করা হয়েছে। এতে পাকিস্তান সীমান্তে ভারত ও পাকিস্তানি সেনাদের মধ্যে গোলাগুলি অব্যাহত থাকার কথাও বলা হয়েছে।