ইরাকে দু’বছরের নীরবতার পর বাজল গির্জার ঘণ্টা
ইসলামিক স্টেটের (আইএস) কবলে থেকে দুই বছরের নীরবতার পর আবারও বেজে উঠেছে ইরাকের বাশিকা শহরের মার কোরকেইস গির্জার ঘণ্টা।
ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) সর্বশেষ শক্তঘাঁটি মসুল থেকে বাশিকা শহরের দূরত্ব মাত্র ১৫ কিলোমিটার।
রয়টার্সের খবরে বলা হয়, গির্জায় ক্রুশবিদ্ধ যিশুর নতুন একটি মূর্তি স্থাপণের সময় নারীরা উচ্চকণ্ঠে প্রার্থনা করেন। গির্জায় যিশুর আগের মূর্তিটি আইএস জঙ্গিরা ভেঙে ফেলেছিল।
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীর সহায়তায় মসুল নগরী থেকে আইএস নির্মূলে গত মাসে বড় ধরনের অভিযান শুরু করে ইরাকের সেনাবাহিনী ও তাদের মিত্র কুর্দি পেশমের্গা বাহিনী।
গত ৭ নভেম্বর কুর্দি পেশমের্গা বাহিনী বাশিকা শহর পুনরুদ্ধার করে। যদিও শহরটির বেশির ভাগ এলাকাই এখনও খালি। কারণ, শহরটি থেকে পিছু হটা আইএস যোদ্ধাদের পেতে রাখা বোমা ও মাইন অপসারণে কাজ এখনও শেষ হয়নি।
পেশমের্গা বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মাহরাম ইয়াসিন বলেন, “আমরা চাই জনগণ আরেটু ধৈর্য্য ধারণ করুক এবং আমরা এলাকাটি পরিষ্কার না করা পর্যন্ত তারা যেন এখানে ফিরে না আসে। আমরা তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে চাই।”
২০১৪ সালে বাশিকা শহর দখলের পর আইএস জঙ্গিরা খ্রিস্টানদের কর দেওয়া, ইসলাম ধর্ম গ্রহণ অথবা মৃত্যুকে বেছে নিতে বলে। ওই সময় খ্রিস্টান সম্প্রদায়ের বেশির ভাগ মানুষ বাড়ি ঘর ছেড়ে কাছের কুর্দি অঞ্চলে আশ্রয় নেয়।
মার কোরকেইস গির্জার যাজক ফাদার আফরাম বলেন, তিনি চান ইরাক সরকারের অধীনে নয় বরং বাশিকা কুর্দিস্তান আঞ্চলিক সরকারের (কেআরজি) নিয়ন্ত্রণে থাকুক।
তিনি বলেন, “অবশ্যই আমরা কেআরজি-র অংশ হতে পছন্দ করব। কারণ আমরা ওই অঞ্চলের কাছেই বাস করছি। এছাড়া, গত ১৩ বছর ধরে কুর্দিস্তান আঞ্চলিক সরকারই আমাদের দেখভাল করেছে।”
“যুক্তরাষ্ট্র নেতৃ্ত্বাধীন বাহিনী ইরাকের শাসক সাদ্দাম হোসেনকে উৎখাত করার পর বাগদাদ থেকে এমনকি আমাদের ‘হ্যালো’ বলতেও কেউ আসেনি।”
খ্রিস্টীয় প্রথম শতক থেকেই ইরাকের উত্তরাঞ্চলে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা বাস করে আসছে।
২০০৩ সালে সাদ্দামের উৎখাতের পর দেশটিতে খ্রিস্টান জনগোষ্ঠীর সংখ্যা দ্রুত কমতে থাকে।
