২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্পকে আমন্ত্রণ জানাবেন ব্রিটেনের রানি

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেকে আগামী বছর যুক্তরাজ্য সফরের আমন্ত্রণ জানাবেন রানি এলিজাবেথ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 20 Nov 2016, 08:08 PM

Updated : 12 Apr 2022, 03:20 AM

যুক্তরাজ্যের ‘দ্য সানডে টাইমস’ পত্রিকা এ খবর প্রকাশ করে জানায়, দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আরও দৃঢ় করার বিষয় নিয়ে তারা আলোচনা করতে পারেন।

নাম প্রকাশে অনিচ্ছুক দুইজন ব্রিটিশ মন্ত্রী এবং ডাউনিং স্ট্রিটের একজন শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে ‘সানডে টাইমস’ এ খবর প্রকাশ করে।

ট্রাম্পের সফরের সময় ঠিক করতে শিগগিরই ব্রিটিশ কর্মকর্তা ও ট্রাম্প শিবিরের মধ্যে আলোচনা শুরু হবে বলেও খবরে জানানো হয়। আগামী বছর জুন বা জুলাইয়েই ট্রাম্পের যুক্তরাজ্য সফরের দিন নির্ধারণ করা হতে পারে।

সানডে টাইমসের খবরে বলা হয়, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্যাগের পর টেরিজা মে সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘বিশেষ সম্পর্ক’ আরও দৃঢ় করতে আগ্রহী।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পর মে’র সঙ্গে প্রথম টেলিফোন আলাপেই ট্রাম্প যত দ্রুত সম্ভব মে কে তার সঙ্গে সাক্ষাতের আমন্ত্রণ জানিয়েছেন।

তবে মে কবে নাগাদ ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন সে বিষয়ে এখনও কিছু চূড়ান্ত হয়নি।

সানডে টাইমস পত্রিকায় আরও বলা হয়, গত সপ্তাহে প্রধানমন্ত্রী মে-র সঙ্গে ফোনালাপে ট্রাম্প রানির প্রতি তার শুভকামনা পৌঁছে দিতে অনুরোধ করেছেন এবং বলেছেন, তার প্রয়াত স্কটিশ মা রানি এলিজাবেথের ‘বড় ভক্ত’ ছিলেন।