আলেপ্পোয় ২৪ ঘণ্টায় ৩ হাসপাতালে বিমান হামলা
সিরিয়ার আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় ২৪ ঘণ্টায় আওয়াইজেল গ্রামে তৃতীয় আরেকটি হাসপাতালে বিমান হামলা হয়েছে বলে জানিয়েছে, ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’।
সিরিয়ার গৃহযুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থাটি জানায়, মঙ্গলবার প্রথম প্রহরে আলেপ্পোর পশ্চিমের বিদ্রোহী নিয়ন্ত্রিত আওয়াইজেল গ্রামের বাগদাদ হাসপতালে বিমান হামলায় অন্তত একজন নিহত এবং হাসপাতালকর্মী ও রোগীসহ কয়েকজন আহত হয়েছে।
এরমাত্র কয়েকঘণ্টা আগে আরও দুটি হাসপাতালে বিমান হামলা হয়।
সোমবার কাছের কাফরনাহায় একটি হাসপাতালে বিমান হামলা হলে সেখানকার রোগীদের আওয়াইজেলের বাগদাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।
হামলার পর আওয়াইজেল গ্রামের হাসপাতালটির চিকিৎসা কার্যক্রমও বন্ধ হয়ে গেছে।
সিরিয়ায় গত সাড়ে ৫ বছর ধরে গৃহযুদ্ধ চলছে।
রাশিয়া, ইরান ও শিয়া মিলিশিয়ারা প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বাহিনীকে সমর্থন করছে।
অন্যদিকে তুরস্ক, যুক্তরাষ্ট্র ও গল্ফ আরব দেশগুলো বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে।
পশ্চিমা দেশ ও মানবাধিকার সংস্থাগুলোর দাবি, বাশার বাহিনী ও তাদের মিত্র রুশ বাহিনী ক্রমাগত বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোর হাসপাতালে বিমান হামলা চালিয়ে যাচ্ছে।
যদিও সিরীয় ও রুশ বাহিনী বরাবরই এই অভিযোগ অস্বীকার করে বলে আসছে, তারা শুধু সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে।
