১০ হাজার সরকারি কর্মচারীকে বরখাস্ত করেছে তুরস্ক
যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে থাকা তুর্কি ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের সঙ্গে সম্পর্ক আছে সন্দেহে ১০ হাজার সরকারি কর্মচারীকে বরখাস্ত করেছে তুরস্কের কর্তৃপক্ষ।
জুলাইয়ের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের জন্য গুলেনকে দায়ি করেছে তুরস্ক সরকার।
শনিবার রাতে সরকারি গেজেটে প্রকাশিত এক নতুন জরুরি ডিক্রি জারি করে এসব সরকারী কর্মচারীরকে বরখাস্ত করা হয়েছে। এদের মধ্যে কয়েক হাজার শিক্ষাবিদ, শিক্ষক এবং স্বাস্থ্যকর্মী আছেন।
পাশপাশি কুর্দি অধ্যুষিত দক্ষিণ-পূর্বাঞ্চল ভিত্তিক ১৫টি গণমাধ্যমও বন্ধ করে দেওয়া হয়েছে।
ওই ডিক্রির বলে বিশ্ববিদ্যালয়গুলোর রেক্টর নির্বাচনের প্রথা বিলুপ্ত করা হয়েছে। এখন থেকে হাই এডুকেশনাল বোর্ড (ওয়াইওকে) কর্তৃক মনোনীত প্রার্থীদের মধ্য থেকে প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান সরাসরি রেক্টরদের নিয়োগ দিবেন।
ব্যর্থ গণঅভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত ৩৭ হাজারেরও বেশি লোককে গ্রেপ্তার এবং প্রায় এক লাখ সরকারি কর্মচারী, বিচারক, সরকারি আইন কর্মকর্তা, পুলিশ ও অন্যান্যদের বরখাস্ত অথবা বহিষ্কার করেছে তুরস্ক।
রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ পদ ও প্রতিষ্ঠান থেকে গুলেনপন্থীদের শিকড় উপড়ে ফেলা দরকার বলে দাবি করে নজিরবিহীন দমননীতি শুরু করেছে দেশটির সরকার।
জুলাইয়ে ব্যর্থ অভ্যুত্থান শেষ হওয়ার পর থেকে দেশটিতে জরুরি অবস্থা জারি আছে। গুলেন নেটওয়ার্ক ও কুর্দি বিদ্রোহীদের সম্ভাব্য হুমকি মোকাবিলায় কর্তৃপক্ষের আরো সময় দরকার বলে দাবি করে প্রেসিডেন্ট এরদোয়ান জরুরি অবস্থার সময়সীমা আরো তিনমাস বৃদ্ধি করেছেন। আসছে জানুয়ারিতে জরুরি অবস্থা শেষ হওয়ার কথা রয়েছে।
