ব্রাজিলে কারাবন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ২৫
ব্রাজিলের উত্তরাঞ্চলীয় রোরাইমা রাজ্যে ধারণক্ষমতার অতিরিক্ত বন্দিতে পূর্ণ একটি কারাগারে কয়েদিদের প্রতিদ্বন্দ্বী দুটি দলের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছেন।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবরের বরাতে বিবিসি জানিয়েছে, রোরাইমা রাজ্যের রাজধানী বোয়া ভিস্তার কারাগারে আগন্তুকদের পরিদর্শনকালীন সময়ে (ভিজিটিং আওয়ার) এ ঘটনা ঘটেছে।
নিহতদের মধ্যে সাতজনের শিরশ্ছেদ করা হয়েছে এবং আরো ছয়জনকে পুড়িয়ে মারা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জিম্মি করা প্রায় ১০০ আগন্তুককে মুক্ত করা হয়েছে এবং দাঙ্গা থামানো হয়েছে বলে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে।
রাজ্যটির সরকার জানিয়েছে, নিহতের সংখ্যা নিশ্চিত করতে কয়েদিদের গণনা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন তারা।
ক্যাপ্টেন ফকনার ফেরেইরা জানিয়েছেন, কয়েদিদের একটি দল কারাগারের একটি অংশ ভেঙে অন্য অংশে (এখানে প্রতিদ্বন্দ্বী দলের লোকজন বন্দি ছিলেন) উপস্থিত হলে সংঘর্ষ শুরু হয়।
এক প্রত্যক্ষদর্শী জানান, দাঙ্গাকারীরা ছুরি ও কাঠের টুকরা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
ওই কারাগারটি ৭৪০ জন বন্দি ধারণক্ষমতার হলেও বর্তমানে এতে এক হাজার ৪০০ জন কয়েদি বন্দি আছেন বলে জানা গেছে।
ব্রাজিল বিশ্বের চতুর্থ বৃহত্তম কারাবন্দি মানুষের দেশ, এখানে প্রায় ছয় লাখ মানুষ কারাবন্দি আছেন। দেশজুড়ে ছড়ানো এসব কারাগার দেশটির প্রভাবশালী অপরাধী গোষ্ঠীগুলোর প্রভাবাধীন।
