স্প্রিন্টার টাইসন গের কিশোরী মেয়ে গুলিতে নিহত
যুক্তরাষ্ট্রের অলিম্পিক স্প্রিন্টার টাইসন গের ১৫ বছর বয়সী কন্যা দুপক্ষের গোলাগুলির মাঝে পড়ে নিহত হয়েছেন।
রোববার কেন্টাকি অঙ্গরাজ্যের একটি রেস্তোরাঁর বাইরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
এক বিবৃতিতে লেক্সিংটন পুলিশ বিভাগ জানিয়েছে, কেন্টাকির স্থানীয় সময় ভোর প্রায় ৪টায় লেক্সিংটন শহরে দুটি গাড়ির মধ্যে গোলাগুলির এ ঘটনায় মারাত্মক আহত ট্রিনিটি গেকে একটি প্রাইভেট গাড়িতে করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।
লেক্স এইট্টিন টেলিভিশনকে গে বলেন, “সে এগুলোর সঙ্গে জড়িত ছিল না। আমি খুব বিভ্রান্ত বোধ করছি। শরৎ শুরু হওয়ার পর গেল সপ্তায় সে এখানে এসেছে। এটা অত্যন্ত অস্বাভাবিক।”
৩৪ বছর বয়সী গের জন্ম এই লেক্সিংটনে। তবে তিনি ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোতে বসবাস করেন। পরবর্তী সময়ে তার সঙ্গে আর যোগাযোগ করা যায়নি।
এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্র্যাক এন্ড ফিল্ডের সঙ্গে জড়িত বিশ্ব থেকে ব্যাপক শোক ও গের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
