২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইলান্ডে বোমা হামলার আশঙ্কায় নিরাপত্তা জোরদার

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে প্রাণঘাতী হামলার কয়েক সপ্তাহ না পেরোতেই ফের দেশটির বিভিন্ন বিমানবন্দর ও আশপাশের প্রদেশগুলোতে বোমা হামলা হতে পারে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Oct 2016, 04:06 PM

Updated : 12 Apr 2022, 03:03 AM

রাজধানী ব্যাঙ্ককসহ ঝুঁকিপূর্ণ প্রতিটি স্থানে নিরাপত্তা জোরদার করার কথা জানিয়েছে  পুলিশ।

এক সংবাদ সম্মেলনে থাইল্যান্ডের জাতীয় নিরাপত্তা প্রধান জানিয়েছেন, একটি সশস্ত্র গোষ্ঠী ব্যাঙ্ককের কাছের একটি প্রদেশে গাড়িবোমা হামলার পরিকল্পনা করছে।

দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান থাওয়িপ নেটনিয়ম বলেন, “বোমা তৈরির উপাদান ও গাড়িসহ অস্বাভাবিক যে কোনও কিছুই নিবিড়ভাবে লক্ষ্য করা ও অনুসরণের নির্দেশ দিয়েছেন উপপ্রধানমন্ত্রী।”

হামলার পরিকল্পনার পেছনে সম্ভাব্য গোষ্ঠী সম্পর্কে বিস্তারিত কিছু না জানিয়ে তিনি বলেন, “কেন ব্যাঙ্কককে টার্গেট করা হয়েছে? সম্ভবত তারা প্রভাব তৈরি করতে চায়।”

জনপ্রিয় পর্যটন গন্তব্য থাইল্যান্ড গত কয়েক সপ্তাহে বেশ কয়েকটি ধারাবাহিক বোমা হামলার শিকার হয়েছে। এর মধ্যে ১১-১২ অগাস্টে পর্যটন শহরগুলোতে চালানো একের পর এক বোমা হামলায় চারজন নিহত ও বহু মানুষ আহত হন, যাদের মধ্যে বিদেশিরাও রয়েছেন।

এসব হামলার সঙ্গে দেশটির দক্ষিণাঞ্চলে সক্রিয় মুসলিম বিচ্ছিন্নতবাদী গোষ্ঠীগুলো জড়িত বলে জানিয়েছে পুলিশ।

তবে এবারের বোমা হামলার পরিকল্পনার সঙ্গে অগাস্ট হামলার কোনোও যোগসূত্র আছে কিনা সে বিষয়ে নিশ্চিত নন বলে জানিয়েছেন নিরাপত্তা প্রধান থাওয়িপ।