২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কালিনিনগ্রাদে পারমাণবিক ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে রাশিয়া

পোল্যান্ড ও লিথুনিয়ার মধ্যবর্তী ছিটমহল কালিনিনগ্রাদে পারমাণবিক ওয়্যারহেড বহনে সক্ষম ইসকান্দের-এম ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে রাশিয়া।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Oct 2016, 09:09 PM

Updated : 12 Apr 2022, 03:01 AM

শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়ে বলেছে, তাদের ভূখণ্ডজুড়ে নিয়মিত সামরিক মহড়ায় এ ধরনের ক্ষেপণাস্ত্র যুক্ত থাকে এবং সে ধরনের নিয়মিত মহড়ার অংশ হিসেবেই কালিনিনগ্রাদে ইসকান্দের-এম ক্ষেপণাস্ত্র পাঠানো হচ্ছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেঙ্কভ এক বিবৃতিতে বলেছেন, “এই ক্ষেপণাস্ত্র ইউনিট একের অধিকবার (কালিনিনগ্রাদ অঞ্চলে) মোতায়েন করা হয়েছে এবং রুশ সশস্ত্র বাহিনীর সামরিক প্রশিক্ষণের অংশ হিসেবে মোতায়েন করা হবে।”

শুক্রবার যুক্তরাষ্ট্রের এক গোয়েন্দা কর্মকর্তা বলেছিলেন, রাশিয়া তার সর্ব-পশ্চিমাঞ্চলে ইসকান্দের-এম­­ পাঠানো শুরু করেছে।

রাশিয়ার এ পদক্ষেপ নেটোর প্রতি অসন্তোষ প্রকাশের রাজনৈতিক ইঙ্গিতও হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।

কোনাশেঙ্কোভ জানিয়েছেন, ওই ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটিকে সচেতনভাবে যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা স্যাটেলাইটকে দেখতে দেওয়া হয়েছে।

তিনি বলেন, “আমাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়নি, আমাদের মার্কিন অংশীদাররা গুপ্ত বিষয় প্রকাশে তাদের উদ্যেমের মাধ্যমেই সেটি নিশ্চিত করেছে।”