২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্লেবয় ম্যাগাজিনে প্রথম হিজাব পরা মডেল

বিশ্বে নগ্নতার জন্য সুপরিচিত অন্যতম জনপ্রিয় ম্যাগাজিন প্লেবয়ে এবারের অক্টোবর সংখ্যায় মডেল হিসাবে হাজির হচ্ছেন হিজাব পরা এক মুসলিম নারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2016, 08:18 PM

Updated : 25 Jul 2022, 09:30 PM

এই নারী আবার সরাসরি মডেল নন বরং লিবিয়ান-বংশোদ্ভূত একজন মার্কিন নারী সাংবাদিক। নাম নূর তাগৌরি।

বিবিসি জানায়, এই প্রথম হিজাব পরা কোনো নারী প্রাপ্তবয়স্কদের ম্যাগাজিন প্লেবয় এর মডেল হলেন।

প্লেবয় কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত একদিকে যেমন প্রশংসা কুড়াচ্ছে, অন্যদিকে সমালোচনারও কমতি নেই।

সিএনএন এর খবরে বলা হয়েছে, প্লেবয় এর অক্টোবরের সংখ্যায় নূর তাগৌরির পাশাপাশি যৌন কর্মীদের অধিকার নিয়ে কাজ করা একজন সমাজকর্মী, একজন কৌতুক অভিনেতা এবং একজন ঔপন্যাসিককে দেখা যাবে।

প্রতিটি ক্ষেত্রে মানুষ নিজেদের পছন্দের কাজটি করতে কতটা নিবেদিত থাকে এবং প্রয়োজনে জীবনের ঝুঁকিও নেয়, সেটিই তুলে ধরা হবে ম্যাগাজিনটির এবারের সিরিজে।

বিবিসি’র খবরে বলা হয়, ২২ বছর বয়সী তাগৌরি ভিডিও নিউজ নেটওয়ার্ক ‘নিউজি’-র হয়ে কাজ করেন। মূলত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি তে কাজ করেন তিনি।

গত বছর থেকে প্লেবয় কর্তৃপক্ষ নারীদের সম্পূর্ণ নগ্ন শরীরের ছবি আর প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে।

তাই বলে তাগৌরিকে নিয়ে সমালোচনার কমতি নেই।

তার বরাত দিয়ে সিএনএন-র প্রতিবেদনে বলা হয়, “আমি ওই সব সমালোচনা কখনও পড়ি না বা সেগুলো নিয়ে কখনও মাথা ঘামাই না। সেগুলো শুধুমাত্র নেতিবাচক আর অস্বাস্থ্যকর।”

কেন প্লেবয় এর মত প্রাপ্তবয়স্কদের তকমা লাগানো একটি ম্যাগাজিনের মডেল হলেন? বিবিসি’র এমন প্রশ্নের জবাবে তাগৌরি বলেন, “কেন নয়? যুক্তরাষ্ট্রের একজন মুসলিম নারী আসলে কেমন জীবন যাপন করে আমি তা বলতে চেয়েছি। সুনির্দিষ্ট কিছু মানুষ যা বলে সবাই তাই বিশ্বাস করে।

কিন্তু প্রকৃত অবস্থা তা নয়। আমি বলতে চাই, আমি কোনও বিষয়ে ছাড় দেইনি।”