সার্ক সম্মেলনে যাচ্ছে না ভারত
কাশ্মির নিয়ে নয়া দিল্লি ও ইসলামাবাদের উত্তেজনার মধ্যে ভারত এবারের সার্ক সম্মেলন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।
এনডিটিভি বলছে, বুধবার ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়, নভেম্বরে অনুষ্ঠিতব্য সার্ক শীর্ষ সম্মেলনে অংশ নিতে পাকিস্তানে যাবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সার্কভুক্ত আট দেশের মধ্যে বাংলাদেশও আঞ্চলিক এই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
বিভিন্ন সূত্র জানিয়েছে, আফগানিস্তান ও ভুটানও সম্মেলনে যোগ দেবে না বলে ইঙ্গিত দিয়েছে।
পাকিস্তান বলছে, যদিও এ ব্যাপারে তাদেরকে আনুষ্ঠানিকভাবে কোনোকিছু জানানো হয়নি, কিন্তু এরপরও সম্মেলনে যোগ না দেওয়ার ব্যাপারে ভারতের ঘোষণা দুঃখজনক।
পাকিস্তান সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “ভারতের অজুহাতের পরিপ্রেক্ষিতে বক্তব্য হচ্ছে, সমগ্র বিশ্ব জানে পাকিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ডের মূল হোতা এবং অর্থদাতা ভারত।”
সম্প্রতি ভারত শাসিত কাশ্মিরে সেনা ঘাঁটিতে জঙ্গি হামলার পর নয়া দিল্লি পাকিস্তানকে এর জন্য দায়ী করে। জাতিসংঘের সাধারণ পরিষদের এবারের অধিবেশনেও এই নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তেজনা ছড়ায়।
এরপর মঙ্গলবারই ভারতের পররাষ্ট্র সচিব বিকাশ স্বরূপ ইসলামাবাদ সম্মেলন বয়কটের কথা জানিয়ে পাকিস্তানকে ইঙ্গিত করে বলেন, সন্ত্রাস ও সহযোগিতা একসঙ্গে চলতে পারে না।
সার্কভুক্ত অন্য দেশগুলো হচ্ছে- নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপ।
জোটের অধিকাংশ দেশ অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানালে সার্কের বর্তমান চেয়ারম্যান নেপাল সম্মেলন স্থগিতের সিদ্ধান্তও নিতে পারে।
দক্ষিণ এশিয়াকে এক সূত্রে গাঁথার লক্ষ্য নিয়ে ১৯৮৫ সালে গঠিত জোট সার্ক এখনও আশার সঞ্চার ঘটাতে পারেনি। কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণের পথে বারবারই দিশা হারিয়েছে এই জোট।
