২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রিয় প্রেসিডেন্ট, সিরিয়ার সেই ছেলেটিকে মনে আছে?’

“প্রিয় প্রেসিডেন্ট ওবামা, সিরিয়ায় অ্যাম্বুলেন্সে বসা সেই ছেলেটির কথা মনে আছে? আপনি কি তাকে আনতে যাবেন?  আমার বাড়িতে নিয়ে আসবেন? ...আমরা আপনাদের জন্য পতাকা, ফুল, বেলুন নিয়ে অপেক্ষায় থাকব। আমরা তাকে একটি পরিবার দেব, আর সে আমাদের ভাই হবে।”

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2016, 09:33 PM

Updated : 11 Oct 2022, 08:44 PM

সিরিয়ায় ধ্বংসস্তুপ থেকে উদ্ধার পাওয়ার পর অ্যাম্বুলেন্সে বসা সেই রক্তাক্ত সিরীয় শিশু ওমরান দাকনিশকে নিজ বাড়িতে জায়গা দেওয়ার জন্য প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে এ চিঠি লিখেছে ৬ বছর বয়সী মার্কিন শিশু অ্যালেক্স।

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার আলেপ্পোয় গত আগস্টে বিমান হামলায় বিধ্বস্ত একটি ভবন থেকে পাঁচ বছর বয়সী ওমরানকে উদ্ধার করা হয়। রক্ত ও ধুলো মাখা অবস্থায় অ্যাম্বুলেন্সের সিটে বসে ছিল সে। শান্ত হয়ে বসে থাকা ছেলেটি নিজের মুখে হাত বুলিয়ে রক্ত দেখতে পেয়ে তা মুছে ফেলছিল সিটে।

এ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোড়ন সৃষ্টি হয় বিশ্বব্যাপী। ওমরানের ছবি ও ভিডিও আলেপ্পো শহরে আটকা পড়া সাধারণ মানুষদের দুঃখ-দুর্দশার প্রতীকী চিত্র হয়ে উঠে। হতবাক করে দেয় গোটা বিশ্বকে ।

ছবিটি নাড়া দিয়েছে অ্যালেক্সের মত একটি ছোট্ট শিশুকেও। আর তাই সে ওমরানকে তার ভাই হিসাবে পাওয়ার ইচ্ছার কথা জানিয়ে চিঠি লিখেছে প্রেসিডেন্ট ওবামাকে।

চিঠিতে অ্যালেক্স লিখেছে, “আমার ছোট বোন ক্যাথেরিন তার (ওমরান) জন্য প্রজাপতি আর জোনাকি ধরে নিয়ে আসবে। স্কুলে ওমর নামে আমার এক সিরীয় বন্ধু আছে। আমি তাকে ওমরের সঙ্গে পরিচয় করিয়ে দেব। আমরা একসঙ্গে খেলব। আমার জন্মদিনের অনুষ্ঠানে তাকে দাওয়াত দেব। সে আমাদের অন্য একটি ভাষা শেখাবে।আমরাও তাকে ইংরেজি শেখাব।  যেমন আমার জাপানের বন্ধুকে শিখিয়েছি। দয়া করে তাকে বলবেন, অ্যালেক্স তার ভাই হবে, যে ঠিক তার মতোই দয়ালু।”

“সে তার সঙ্গে যেহেতু কোনও খেলনা আনতে পারবে না, কারণ তার কোনেও খেলনা নেই, তাই ক্যাথেরিন তার বড় সাদা বানি পুতুল তার সঙ্গে ভাগ করে নেবে। আমি আমার বাইক তার সঙ্গে ভাগ করে নেব। আমি তাকে বাইক চালানো শেখাব। আমি তাকে অঙ্কের যোগ-বিয়োগও শেখাব।”

“আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমি আর দেরী সইতে পারছি না।”

অ্যালেক্স বয়স ৬

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে শরণার্থী সংকট নিয়ে এক বক্তব্যে অ্যালেক্সের  এ চিঠিটির কথা বলেন প্রেসিডেন্ট ওবামা।

তিনি বলেন, “এক ছোট শিশু চিঠিটি  লিখেছে, যে শিশু মানববিদ্বেষী কিংবা সন্দেহপ্রবণ কিংবা ভীতু নয়।  আমাদের সবার অনেকটাই তার মত হওয়া উচিত।”

“আমরা যদি এমন হতাম, তাহলে বিশ্বটা কেমন হতো একবার কল্পনা করুন তো! একবার ভাবুন তো, আমরা কষ্টগুলোকে কত হালকা করে দিতে পারতাম এবং কত জীবন বাঁচাতে পারতাম।