সোমালিয়ায় আত্মঘাতী গাড়িবোমায় জেনারেল নিহত
সোমালিয়ায় আত্মঘাতী গাড়িবোমা হামলায় একজন জেনারেল তার অন্ততপক্ষে ছয়জন দেহরক্ষীসহ নিহত হয়েছেন।
বিবিসি বলছে, সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে জেনারেল মোহামেদ জিমালে গোবালের গাড়িবহরে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে হামলা চালান একজন আত্মঘাতী।
এই হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী আল-শাবাব জানিয়েছে, ওই জেনারেল তাদের (আল-শাবাব) বিরুদ্ধে ‘চক্রান্ত’ করছিলেন।
জেনারেল জিমালে গোবালে এরআগে বেশ কয়েকদফা হত্যা প্রচেষ্টা থেকে রক্ষা পেয়েছিলেন।
মোগাদিশুর অধিবাসীরা জানিয়েছেন, তারা বিশাল বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।
পুলিশের কর্নেল আব্দিকাদির ফারাহ রয়টার্সকে বলেন, “তারা (জেনারেলসহ দেহরক্ষীরা) যে গাড়িতে ছিলেন আত্মঘাতী গাড়িবোমাটি সেই গাড়িটিতেই আঘাত করে। স্রষ্টা তাদের আত্মাকে শান্তি দিন।”
জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের সঙ্গে সম্পৃক্ত একটি রেডিও স্টেশনের প্রতিবেদনে বলা হয়েছে, জেনারেলকে হত্যা করে একজন ‘শহীদ’ হয়েছেন।
