২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্প ফাউন্ডেশন নিয়ে তদন্ত করছে নিউ ইয়র্ক

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের দাতব্য সংস্থা ট্রাম্প ফাউন্ডেশন যথাযথভাবে কাজ করছে কি-না তা খতিয়ে দেখতে শুরু করেছে নিউ  ইয়র্ক।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 Sep 2016, 10:09 PM

Updated : 25 Jul 2022, 09:30 PM

নিউ ইয়র্কের এটর্নি জেনারেল এরিক স্নাইডারম্যান মঙ্গলবার এ বিষয়ে তদন্ত শুরু করেছেন বলে জানিয়েছেন। ট্রাম্প ফাউন্ডেশন নিউ ইয়র্কের দাতব্য সংস্থা পরিচালনা আইন মেনে চলছে কিনা এ তদন্তের মধ্য দিয়ে সেটিই নিশ্চিত হতে চান বলে জানান তিনি।

ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনের সমর্থক স্নাইডারম্যান ২০১৩ সালে জালিয়াতির অভিযোগে ট্রাম্প বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে মামলা করেন।

মঙ্গলবার সিএনএন এর সঙ্গে এক সাক্ষাৎকারে স্নাইডারম্যান বলেন, এখন তার কার্যালয় ট্রাম্পের দাতব্য সংস্থাকে নিয়ে তদন্ত শুরু করেছে।

তিনি বলেন, “নিউ ইয়র্কে দাতব্য সংস্থাগুলোর তদারককারী হিসাবে বিষয়টি খতিয়ে দেখাটা আমার আওতার মধ্যেই পড়ে এবং ট্রাম্প ফাউন্ডেশন ঠিকমত কাজ করছে না বলেও আমাদের সংশয় আছে।”

“ট্রাম্প ফাউন্ডেশন আইন মেনে কাজ করছে কিনা তা নিশ্চিত হতেই আমরা বিষয়টি খতিয়ে দেখছি।” তবে ট্রাম্প ফাউন্ডেশন কি ধরনের বেআইনি কাজ করে থাকতে পারে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি স্নাইডারম্যান।

ট্রাম্পের প্রচারশিবিরের মুখপাত্র স্টিভেন চেউং স্নাইডারম্যানের এ পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন। তাকে মনেপ্রাণে একজন ডেমোক্র্যাট আখ্যা দিয়ে স্টিভেন বলেন, ক্লিনটন ফাউন্ডেশনের দিকে বছরের পর বছর স্নাইডারম্যান কোনও নজরই দেননি।