২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অসুস্থ হয়ে নাইন ইলেভেন স্মরণ অনুষ্ঠান ছাড়লেন হিলারি

অসুস্থ হয়ে আগেভাগে নাইন ইলেভেন হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠান ছেড়ে গেলেন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন।

রয়টার্স

রয়টার্স

Published : 12 Sep 2016, 01:53 AM

Updated : 11 Oct 2022, 08:43 PM

১৫ বছর আগে আল কায়েদার জঙ্গিরা ছিনতাই করা উড়োজাহাজ নিয়ে হামলা চালিয়ে ধ্বংস করে দেয় নিউ ইয়র্কের ‘টুইন টাওয়ার’ নামে পরিচিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, যাতে নিহত হন দুই হাজার ৭৫৩ জন।

ভয়াবহ ওই হামলার বর্ষপূর্তির দিন রোববার সকালে নিউ ইয়র্ক শহরের ওই জায়গায় শুরু হয় এই স্মরণ অনুষ্ঠান।

রোদেলা এই সকালে সেখানকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তবে বাতাসে উচ্চ আর্দ্রতা গরম বাড়িয়ে দেয়।

Image
অসুস্থ হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করছেন তিনি।

অসুস্থ হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করছেন তিনি।

এতে অসুস্থ হয়ে অনুষ্ঠানস্থল ছেড়ে ম্যানহাটনে মেয়ে চেলসির অ্যাপার্টমেন্টে যান ৬৮ বছর বয়সী হিলারি। প্রায় দুই ঘণ্টা পর সানগ্লাস পরে সেখান থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘অনেক ভালো’ বোধ করছেন।

সোশ্যাল মিডিয়ায় আসা হিলারির অনুষ্ঠানস্থল ছেড়ে যাওয়ার একটি ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা হিলারির বাঁ বাহু ধরে আছেন একজন। গাড়ি সামনে এলে তাকে সহায়তায় এগিয়ে আসেন দুজন। এসময় হিলারির পা টলতে থাকে। সহযোগিতা নিয়ে গাড়িতে উঠে যান তিনি।  

হিলারির মুখপাত্র নিক মেরিল এক বিবৃতিতে বলেন, শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠান শুরু হওয়ার প্রায় দেড় ঘণ্টা পর সেখান থেকে চলে আসেন হিলারি ক্লিনটন, যদিও তখনও অনুষ্ঠান চলছিল।

“অনুষ্ঠান চলাকালে উনি অতিরিক্ত গরম বোধ করায় মেয়ের অ্যাপার্টমেন্টে যেতে সেখান থেকে চলে আসেন এবং এখন অনেক ভালো বোধ করছেন।”

Image
ঘণ্টা দুয়েক পর মেয়ের অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে হিলারি বলেন, ‘অনেক ভালো’ বোধ করছেন।

ঘণ্টা দুয়েক পর মেয়ের অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে হিলারি বলেন, ‘অনেক ভালো’ বোধ করছেন।

আগামী ৮ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের ৬০ দিনেরও কম সময়ে প্রকাশ্য অনুষ্ঠানে হিলারির অসুস্থতার এ ঘটনা ঘটল।

ভোটের সপ্তাহ দুয়েক আগে ৬৯ বছর পূর্ণ করতে চলা হিলারির শারীরিক সুস্থতা নিয়ে আগেই প্রশ্ন তোলেন তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প, যিনি এরইমধ্যে ৭০ পেরিয়েছেন।

তবে হিলারির চিকিৎসক বলছেন, রক্ত জমাট বাঁধার জন্য ২০১২ সালে হিলারির যে অস্ত্রোপচার হয় তা থেকে পুরোপুরি সেরে উঠেছেন তিনি।

গত মাসে হিলারির ব্যক্তিগত চিকিৎসক লিসা বারডাক এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালনের জন্য তিনি ‘দারুণ শারীরিক অবস্থাসম্পন্ন ও উপযুক্ত অবস্থায় আছেন।”

বিরোধীদের বিরুদ্ধে হিলারির স্বাস্থ্য নিয়ে ‘নোংরা ষড়যন্ত্রের’ অভিযোগ করা হয় তার প্রচার শিবির থেকে।