২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়া চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্র-রাশিয়া সমঝোতা

সিরিয়ার শান্তি প্রক্রিয়াকে সঠিক রাস্তায় ফিরিয়ে আনতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Sep 2016, 11:56 AM

Updated : 12 Apr 2022, 02:51 AM

জেনেভায় দিনব্যাপী আলোচনার পর শনিবার এ বিষয়ে দুপক্ষের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে।

এতে সোমবার সূর্যাস্তের পর থেকে সিরিয়াজুড়ে যুদ্ধবিরতি শুরু, মানবিক ত্রাণ সরবরাহ পরিস্থিতির উন্নয়ন এবং নিষিদ্ধ ঘোষিত ইসলামি উগ্রপন্থি গোষ্ঠীগুলোর ওপর যৌথ অভিযানের বিষয়ে সমঝোতার হয়েছে।

জেনেভায় এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, “আজ, সের্গেই ল্যাভরভ এবং আমি, আমাদের প্রেসিডেন্ট ও আমাদের দেশের পক্ষ থেকে সিরিয়ার সব পক্ষগুলোকে যুক্তরাষ্ট্র ও রাশিয়া যে পরিকল্পনায় পৌঁছেছে তা সমর্থন করার আহ্বান জানাচ্ছি; একটি রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই ধ্বংসাত্মক হানাহানি দ্রুত শেষ করার লক্ষ্যে আমরা এ পরিকল্পনায় পৌঁছেছি।”

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, “ধারাবাহিক অবিশ্বাস সত্বেও এই দুটি পক্ষ পাঁচটি নথি তৈরি করেছে যার মাধ্যমে ফেব্রুয়ারিতে ব্যর্থ হয়ে যাওয়া একটি শান্তিচুক্তি পুনরুজ্জীবিত হবে এবং এতে সিরিয়ার জঙ্গিগোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সামরিক সমন্বয়ও সম্ভব হবে।” 

তবে নথিগুলো জনসম্মুখে প্রকাশ না করার বিষয়ে উভয়পক্ষ সম্মত হয়েছে।

সংবাদ সম্মেলনে ল্যাভরভ আরো বলেন, “রাজনৈতিক প্রক্রিয়া পুনরায় শুরু করার বিষয়ে প্রয়োজনীয় পরিস্থিতিগুলো তৈরি করেছে।”

গেল দুই সপ্তাহ ধরে বেশ কয়েকটি উদ্যোগ ব্যর্থ হওয়ার পর শুক্রবার ধারাবাহিক আলোচনার মাধ্যমে শেষ পর্যন্ত চুক্তিটি হয়।

চুক্তি অনুযায়ী রুশ সমর্থিত সিরিয়ার সরকারি বাহিনীগুলো এবং যুক্তরাষ্ট্র ও পারস্য উপসাগরীয় দেশগুলো সমর্থিত সিরিয়ার সরকারবিরোধী বাহিনীগুলো আস্থার পরিবেশ তৈরি করতে কিছুদিন লড়াই বন্ধ রাখবে। এই পর্বটি চলাকালে বিরোধী বাহিনীগুলো আলেপ্পো ও এরকম কিছু জায়গা থেকে জঙ্গিগোষ্ঠীগুলো থেকে আলাদা হওয়ার সুযোগ পাবে।

 এসব এলাকায় বিরোধী বাহিনীগুলো জঙ্গিগোষ্ঠীগুলোর সঙ্গে মিলেমিশে সরকারি বাহিনীগুলোর বিরুদ্ধে লড়াই করছে।