আইএসের বিরুদ্ধে তুর্কি অভিযানকে স্বাগত জানালেন নেটো মহাসচিব
জঙ্গি-সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে তুরস্কের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন নেটো মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ। পাশাপাশি আঙ্কার নিজেকে রক্ষার অধিকার রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার তুর্কি টেলিভিশন চ্যানেল এনটিভিতে সম্প্রচারিত এক বক্তব্যে স্টলটেনবার্গ বলেন, “আমরা দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে তুরস্কের ক্রমবর্ধমান উদ্যোগকে স্বাগত জানাই। তুরস্কের নিজেকে রক্ষার অধিকার রয়েছে। সিরিয়ার দিক থেকে অনেক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।”
স্টলটেনবার্গের বক্তব্য তুর্কি ভাষায় অনুবাদ করে প্রচার করা হয়।
ইসলামিক স্টেটের (আইএস) আরবি নাম দায়েশ।
চলতি বছরের ১৫ জুলাই তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর নেটো মহাসচিব স্টলটেনবার্গ প্রথমবারের মতো দেশটি সফর করছেন। নেটোভুক্ত দেশগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনীর এই রাষ্ট্রে অভ্যুত্থানের প্রেক্ষাপটে সৃষ্ট উদ্বেগ থেকে তার এই সফর।
গেল মাস থেকে সিরিয়ায় অনুপ্রবেশ করে তুরস্ক সামরিক অভিযান পরিচালনা করছে। এরফলে তুর্কি সমর্থিত সিরীয় বিদ্রোহীরা তুর্কি-সিরিয়া সীমান্ত থেকে আইএস জঙ্গিদের হটিয়ে দিয়েছে।
