২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হংকংয়ে জয়ী গণতন্ত্রপন্থিদের শাসাল চীন

হংকংয়ের স্বাধীনতা নিয়ে ওকালতি করলে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে বলে শাসিয়েছে চীন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2016, 09:46 PM

Updated : 12 Apr 2022, 02:49 AM

হংকং আইন পরিষদে সদ্য বিজয়ী গণতন্ত্রপন্থি নেতাদেরকে চীন এ হুঁশিয়ারি দিল বলে জানিয়েছে সিনহুয়া বার্তা সংস্থা।

রোববার হংকংয়ের আইন পরিষদ নির্বাচনে স্বাধীনতাপন্থি এবং চীনবিরোধী আন্দোলনের অন্যতম নেতা নাথান ল সহ ৩০ জন গণতন্ত্রপন্থি প্রার্থী জয়ী হয়েছেন।

নির্বাচিত এই আইন পরিষদ হংকংয়ে আইন ও বাজেট প্রণয়নের ক্ষমতা রাখে।

হংকং চীন নিয়ন্ত্রিত অঞ্চল হলেও সেখানে পুঁজিবাদী ব্যবস্থা বলবৎ; হংকংয়ের কারণেই চীনে ‘এক দেশ দুই নীতি’ পদ্ধতি চালু আছে।

ইদানিংকালে হংকংয়ের তরুণ সমাজ বেইজিংয়ের আধিপত্য নিয়ে উদ্বিগ্ন এবং তাদের অনেকে স্বাধীন হংকংয়ের স্বপ্ন দেখছে।

হংকংয়ের ৭০ আসনের আইন পরিষদে ৩০টি আসনে রোববার জয়লাভ করে গণতন্ত্রপন্থি প্রার্থীরা। এর অর্থ, সংবিধানে বড় ধরনের পরিবর্তনের প্রস্তাবে এখন তারা ভোট দিতে পারবে।

এর আগে আইন পরিষদের ২৭টি আসন ছিল গণতন্ত্রপন্থিদের দখলে।

গণতন্ত্রপন্থিদের ৩০টি আসনের মধ্যে অন্তত ছয়টি আসনের প্রার্থী ২০১৪ সালে হংকংয়ের স্বাধীনতাকামীদের আন্দোলন ‘আমব্রেলা প্রোটেস্টে’ সরাসরি জড়িত ছিলেন বলে জানিয়েছে বিবিসি। যাদের অন্যতম হলেন ২৩ বছর বয়সী শিক্ষার্থী নাথান ল।

চীনা কর্মকর্তাদের বরাত দিয়ে সিনহুয়ার খবরে বলা হয়, “আমরা দৃঢ়ভাবে হংকংকে এসএআর (স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন) বলে বিবেচনা করি এবং এ আইনের অধীনে (হংকংয়ের স্বাধীনতার পক্ষে ওকালতি করা ব্যক্তিদের) শাস্তি দেওয়া হবে।”

মঙ্গলবার চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত চায়না ডেইলি পতিকায় বলা হয়, হংকংয়ে নির্বাচনের ফল বিচ্ছিন্নতাবাদী ধারণার জন্ম দিতে পারে।

চীন সরকার হং কংয়ের আরও রাজনৈতিক স্বাধীনতার ঘোর বিরোধী।

এক বিবৃতিতে চীনের হংকং এবং ম্যাকাউ বিষয়ক কার্যালয় বলেছে, হংকংয়ের প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় প্রকাশ্যেই স্বাধীনতার পক্ষে সোচ্চার ছিল।