মাদার তেরেসাকে সন্ত ঘোষণা
ভ্যাটিকানে আনুষ্ঠানিকভাবে মাদার তেরেসাকে ‘সন্ত’ ঘোষণা করেছেন পোপ ফ্রান্সিস।
সেন্ট পিটারর্স স্কয়ারে কয়েক হাজার পুণ্যার্থীর সামনে পোপ ফ্রান্সিস বলেন, “সন্ত তেরেসা অজাত, অসুস্থ ও পরিত্যক্তদের রক্ষা করেছেন।
“তার কর্মকাণ্ড সাধারণ মানুষকে দারিদ্রের মধ্যে ঠেলে দেওয়া বিশ্ব নেতাদের লজ্জ্বায় ফেলে দিয়েছে। দারিদ্র থেকেই প্রধানত অপরাধের জন্ম হয়।”
অনুষ্ঠানের শুরুতে কর্ডিনাল অ্যাঞ্জেলো আমাটো মাদার তেরেসার জীবন ও কর্মের সংক্ষিপ্ত বর্ণনা দেন এবং তাকে সেন্ট ঘোষণা করতে পোপের প্রতি আহ্বান জানান।
জবাবে পোপ ফ্রান্সিস বলেন, “আমরা কলকাতার তেরেসাকে একজন সেন্ট ঘোষিত ও সংজ্ঞায়িত করতে পেয়ে ধন্য। একজন সেন্ট হিসেবে আমরা তাকে তালিকাভূক্ত করেছি এবং বিশ্বজুড়ে সব গির্জায় তাকে শ্রদ্ধাজ্ঞাপন করার আদেশ জারি করছি।”
“মাদার তেরেসা অবহেলিত ও রাস্তার পাশে পড়ে মৃত্যুর অপেক্ষায় থাকা লোকজনদের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। (মানুষ হিসেবে) ঈশ্বর তাদের যে মর্যাদা দিয়েছেন, তিনিও তাদের সেই সম্মানের চোখেই দেখেছেন।”
এ অনুষ্ঠানের জন্য ইতালির বিভিন্ন অঞ্চল থেকে গৃহহীন প্রায় দেড় হাজার মানুষকে বাসে করে রোমে নিয়ে যাওয়া হয় এবং তাদের সম্মানের আসন দেওয়া হয়।
গ্যাবন থেকে অনুষ্ঠানে যোগ দিতে আসা শার্লট সাম্বা বলেন, “করুণা, ক্ষমা ও ভাল কাজের মাধ্যমে তিনি তার হৃদয় বিশ্বের জন্য উৎসর্গ করেছেন। তার হৃদয় দরিদ্রদের জন্য একজন মায়ের হৃদয়ের মত ছিল।”
কলকাতায় মাদার হাউজে বিশাল টিভি স্ক্রিনে ভ্যাটিকানের পুরো অনুষ্ঠান দেখানো হয়।
২০০৩ সালে মাদার তেরেসার সন্ত পদবী পাওয়ার প্রথম ধাপ পূরণ হয়। সেবার ভ্যাটিকানের পক্ষ থেকে বলা হয়, ২০০২ সালে ভারতীয় এক নারী মাদার তেরেসার কাছে প্রার্থনা করার পর তার পাকস্থলীর টিউমার অলৌকিকভাবে সেরে যায়। যদিও ওই নারীর স্বামী এ বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
দ্বিতীয় অলৌকিক ঘটনা ঘটার পর গত বছর পোপ ফ্রান্সিস তার সেন্ট হওয়ার পথ পরিষ্কার হয়ে গেছে বলে ঘোষণা দেন।
