২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হারিকেন হারমাইনের কবলে ফ্লোরিডা

যুক্তরাষ্ট্রে  হারিকেন হারমাইন কবলিত ফ্লোরিডায় ৫১টি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্রায় ১১ বছর পর আবার কোনও হারিকেন ফ্লোরিডায় আঘাত হানল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2016, 05:59 PM

Updated : 12 Apr 2022, 02:48 AM

শুক্রবার ভোরে ওয়ান ক্যাটাগরির হারিকেন হারমাইন ফ্লোরিডা উপকূলের ওপর দিয়ে বয়ে যায়।

দেশটির ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানায়, উপকূলে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৩০ কিলোমিটার।

ঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় প্রকাণ্ড জলোচ্ছ্বাস দেখা দিয়েছে, সেইসঙ্গে ভূমিধসের ঘটনা ঘটেছে।

জাতীয় আবহাওয়া অধিদপ্তর জানায়, দুই ঘণ্টা তাণ্ডব চালানোর পর হারিকেন হারমাইন কিছুটা শক্তি হারিয়ে গ্রীষ্মমন্ডলীয় ঝড়ে পরিণত হয়ে জর্জিয়ার দিকে অগ্রসর হয়। জর্জিয়ায় আঘাত হানার পর এখন সেটি ক্যারোলাইনার দিকে অগ্রসর হচ্ছে।

ফ্লোরিডার টেইলর কাউন্টি পুলিশ জানায়, হারমাইনের আঘাতে সেখানে ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হয়েছে।

এদিকে প্রাদেশিক রাজধানী টালাহাসির কর্মকর্তারা জানান, ঝড়ের কারণে অন্তত ৭০ হাজার ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঝড়ের সঙ্গে উঠে আসা জলোচ্ছ্বাস থেকে বাঁচতে স্থানীয়দের আগেই উঁচু জায়গায় আশ্রয় নিতে বলা হয়েছিল।

টালাহাসির দক্ষিণের শহর সিডার কিতে সাড়ে ৬ ফুট উঁচু জলোচ্ছ্বাস হয়েছে, কোথাও কোথাও পানি ১০ ফুট পর্যন্ত উঠেছে।

সিডার কি’র পুলিশ প্রধান ভার্জিল স্যান্ডলিন স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলে বলেন, “ওটা ছিল বিশাল….প্রকাণ্ড জলোচ্ছ্বাসে শহরের বেশিরভাগ এলাকা ডুবে গিয়েছিল। ১৯৮৫ সালে হারিকেন এলিনার আঘাত হানার সময়ও আমি এখানে ছিলাম এবং আমি আজকের অবস্থার চেয়ে খারাপ আর কিছু মনে করতে পারছি না।”