পাকিস্তানে আদালত ফটকে আত্মঘাতী হামলায় নিহত ১২
পাকিস্তানের মারদান জেলায় এক আদালতের ফটকে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত হওয়ার খবর দিয়েছে রয়টার্স।
পেশোয়ারে খ্রিস্টান কলোনিতে জঙ্গি হামলার কয়েক ঘণ্টার মাথায় শুক্রবার সকালে মারদানের দায়র আদালত ভবনের বাইরে এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে পাকিস্তানের ইংরেজি দৈনিক ডনের খবরে বলা হয়, হামলাকারী আদালতের ফটকের কাছে একটি গ্রেনেডে বিস্ফোরণ ঘটায়। এতে তার শরীরে থাকা সুইসাইড ভেস্টও বিস্ফোরিত হয়।
এতে এক পুলিশ সদস্যসহ অন্তত ১২ জন নিহত হন। আরও অন্তত ৫২ জন এ হামলায় আহত হয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
তবে কোনো জঙ্গি দল তাৎক্ষণিকভাবে ওই হামলার দায়িত্ব স্বীকার করেনি।
এ ঘটনার কয়েক ঘণ্টা আগে খাইবার পাখতুন প্রদেশের রাজধানী পেশোয়ারে খ্রিস্টান কলোনিতে আত্মঘাতী জঙ্গি হামলায় অন্তত একজন নিহত হন।
পাকিস্তানের সেনাবাহিনী ২০১৪ সালের জুনে ওই প্রদেশে জঙ্গিবিরোধী অভিযান শুরুর পর সাড়ে তিন হাজার জঙ্গি নিহত হয়েছে; অন্যদিকে প্রাণ গেছে ২৮০০ সেনা সদস্যের।
পাকিস্তান আইএসপিআর-এর মহাপরিচালক আসিম বাজোয়ার তথ্য অনুযায়ী, ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে দেশটির ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১০৬ বিলিয়ন ডলার।
