পাপুয়া নিউ গিনি উপকূলে ৬.৮ মাত্রার ভূমিকম্প
পাপুয়া নিউ গিনির নিউ ব্রিটেন দ্বীপ ও নিউ আয়ারল্যান্ড দ্বীপের মধ্যবর্তী বিসমার্ক সাগরে ছয় দশমিক আট মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ।
বুধবারের এ ভূমিকম্পটির উপকেন্দ্র নিউ ব্রিটেনের রাবাউল শহরের ৮৯ কিলোমিটার উত্তর-পূর্বে ও নিউ আয়ারল্যান্ডের নামাতানাই শহরের ৩৯ কিলোমিটার পূর্বে এবং কেন্দ্র ভূপৃষ্ঠের ৪৯৯ কিলোমিটার গভীরে বলে ইউএসজিএস ও জিওসায়েন্স অস্ট্রেলিয়ার বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও সেভেন নিউজ।
জিওসায়েন্স অস্ট্রেলিয়া ভূমিকম্পটির মাত্রা ছয় দশমিক সাত বলে জানিয়েছে।
জিওসায়েন্স আরও জানিয়েছে, শক্তিশালী ভূমিকম্পটির কারণে ৬০ কিলোমিটার দূরের এলাকাগুলোও ক্ষতিগ্রস্ত হতে পারে এবং ভূমিকম্পটি ৭৫৭ কিলোমিটার দূর থেকেও অনুভূত হতে পারে।
এই ভূমিকম্পের কারণে কোনো সুনামির আশঙ্কা তৈরি হয়নি বলে নিশ্চিত করেছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র।
তাৎক্ষণিকভাবে দ্বীপরাষ্ট্রটি থেকে ক্ষয়ক্ষতির কোনো বিবরণ পাওয়া যায়নি।
