ফেইসবুকে দাতব্য পোস্ট শেয়ার করায় গ্রেপ্তার
ফেইসবুকে একটি দাতব্য পোস্ট শেয়ার করার অভিযোগে দুবাইয়ে ৪২ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগও গঠন করা হয়েছে।
বিবিসি বলছে, স্কট রিচার্ডস নামে ব্রিটেন ও অস্ট্রেলিয়া উভয়দেশের নাগরিকত্ব থাকা ওই ব্যক্তি আফগানিস্তানের শরণার্থীদের জন্য কম্বল ও তেরপল কেনার লক্ষ্যে একটি দাতব্য পোস্ট তার ফেইসবুক বন্ধুদের দৃষ্টি আকর্ষণের জন্য শেয়ার করেছিলেন।
তাকে ২২দিন আটক রাখার পর অনুমতি ছাড়া তহবিল সংগ্রহের অভিযোগ আনা হয়েছে।
নতুন কঠোর আইনের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে নিবন্ধিত নয় এমন কোনো দাবত্য সংস্থার হয়ে যে কোনো ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে।
ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ওই ব্যক্তিকে ‘সহায়তা দিয়ে যাচ্ছে’।
দুবাইয়ের গেল বছর থেকে ইসলামিক অ্যাফেয়ার এবং দাতব্য কর্মকাণ্ড বিষয়ক বিভাগ থেকে পূর্বানুমতি ছাড়া দান কিংবা তহবিল সংগ্রহের প্রচারণা চালানো নিষিদ্ধ করা হয়েছে।
এই নিষেধাজ্ঞা কিংবা আইন অমান্যকারীরে দুইমাস থেকে এক বছর পর্যন্ত কারাদণ্ড এবং সর্বোচ্চ ২৭ হাজার মার্কিন ডলার সমপরিমাণ আর্থিক দণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হয়েছে।
অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে বেড়ে ওঠা স্কট রিচার্ডস কর্মসূত্রে দুবাইয়ে তার স্ত্রী ও দুই ছেলে সন্তান নিয়ে বসবাস করছেন। তিনি একজন অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক পরামর্শক।
আফগানিস্তানের শরণার্থীদের নিয়ে কাজ করা একটি মার্কিন দাতব্য সংস্থার জন্য ক্ষুদ্র তহবিল গড়ে তোলার লক্ষ্যে চালানো একটি প্রচারণা সামাজিক যোগাযোগ মাধ্যমে রিচার্ডস শেয়ার করেছিলেন বলে পুলিশ নিশ্চিত হয়েছে।
ওই দাতব্য পোস্টের মাধ্যমে নতুন তেরপল, কম্বল, গরম কাপড়, মোজা এবং স্প্লিপিং ব্যাগ কেনার জন্য ৩৫ হাজার মার্কিন ডলারের একটি ক্ষুদ্র তহবিল সংগ্রহের প্রচারণা চালানো হচ্ছিল।
কাবুলের বাইরে চাহারি কাম্বার শরণার্থী শিবিরের শিশুদের জন্য এই তহবিল সংগ্রের চেষ্টা চালানো হচ্ছিল।
প্রতি বছর ওই শিবিরটিতে শতাধিক শিশু ঠাণ্ডায় মারা যায়।
