২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুয়ান্তানামো থেকে ১৫ বন্দিকে আমিরাতে হস্তান্তর

কিউবার গুয়ান্তানামো বে’র মার্কিন কারাগার থেকে ১৫ জন বন্দিকে সংযুক্ত আরব আমিরাতের কাছে হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 16 Aug 2016, 06:23 PM

Updated : 12 Apr 2022, 02:40 AM

প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের অধীনে এটিই একসঙ্গে সবচেয়ে বেশিসংখ্যক বন্দি হস্তান্তরের ঘটনা।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদরদপ্তর পেন্টাগন বলেছে, ১৫ বন্দির মধ্যে ১২ জন ইয়েমেন এবং তিন জন আফগানিস্তানের নাগরিক। কোনও অভিযোগ ছাড়াই দীর্ঘদিন তাদের আটকে রাখা হয়েছিল, এদের কেউ কেউ ১৪ বছরের বেশি সময় ধরে বন্দি ছিল।

এই বন্দি হস্তান্তরের মধ্য দিয়ে গুয়ান্তানামো বে কারাগারে বন্দির সংখ্যা ৬১ তে নেমে এল। ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার সময় এ কারাগারে বন্দির সংখ্যা ছিল ২৪২ জন।

২০০৯ সালের জানুয়ারিতে ওবামা এক বছরের মধ্যে গুয়ান্তানামো বে বন্দিশিবির বন্ধের নির্দেশ দিয়েছিলেন।

তার পরিপ্রেক্ষিতেই সেখানে অবস্থিত বন্দিদের বিভিন্ন দেশে পুনর্বাসনের কার্যক্রম শুরু হয়।

প্রেসিডেন্ট ওবামা চান, তার মেয়াদ শেষ হওয়ার আগেই গুয়ান্তানামো বে কারাগারটি সম্পূর্ণরূপ বন্ধ হোক। আর সে কারণেই বন্দিদেরকে দ্রুত বিভিন্ন দেশে হস্তান্তর করা হচ্ছে।

কেবল গত ১১ মাসেই ১৩ টি দেশে হস্তান্তর করা হয়েছে ৫৫ জন গুয়ান্তানামো বন্দিকে। এরই ধারাবাহিকতায় আরও ১৫ বন্দিকে হস্তান্তর করা হল।

২০০২ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের নির্দেশে কিউবার দক্ষিণ-পূর্বাঞ্চলে মার্কিন নৌঘাঁটিতে এই কারাগারটি স্থাপন করা হয়।

২০০১ সালের ১১ সেপ্টেম্বরে টুইন টাওয়ারে হামলার পর যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ সন্ত্রাসী সন্দেহে আটক বিদেশি নাগরিকদের এই কারাগারে বন্দি করে রাখত।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, কারাগারটি চালুর পর থেকে প্রায় ৭৭৯ জনকে সেখানে বন্দি করা হয়েছে।