সিরিয়ার যুদ্ধে যুক্তরাজ্যের বিশেষ বাহিনী
সিরিয়ার গৃহযুদ্ধে যুক্তরাজ্যের বিশেষ বাহিনী তৎপর রয়েছে বলে খবর পাওয়া গেছে।
বিবিসি বলছে, তাদের হাতে আসা বেশ কিছু ছবিতে প্রথমবারের মতো সিরিয়ার মাটিতে ব্রিটেনের বিশেষ বাহিনীর সেনাদের দেখা গেছে।
প্রথমবারের মতো সেখানে কিছু যানবাহন দেখা গেছে যা স্পষ্টতই স্বতন্ত্র। খোলা আকাশের নিচে থালাব টহলযান দেখা গেছে, এগুলো বন্ধুর প্রাকৃতিক পরিবেশে চলাচলের উপযুক্ত। এই যানগুলো ব্রিটিশ বিশেষ বাহিনীর সদস্যরা ব্যবহার করে।
বিবিসির হাতে আসা ছবিগুলোতেও ব্রিটিশ বিশেষ বাহিনীর সদস্যদের দেখা গেছে। এই ছবিগুলোতেই সিরিয়ার মাটিতে প্রথমবারের মতো ব্রিটিশ সেনাদের দেখা গেল।
জুনে তোলা ছবিগুলো নিউ সিরিয়ান আর্মির আল তানাফ ঘাঁটিতে তথাকথিত ইসলামিক স্টেটের (আইএস) হামলার পর তোলা। ব্রিটিশ সেনারা ঘাঁটিটির নিরাপত্তা জোরদার করায় তৎপর রয়েছেন বলে মনে হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত অনুযায়ী, ব্রিটিশ সেনারা সেখানে হামলা প্রতিরোধ করার কাজে নিয়োজিত রয়েছেন।
কিন্তু তাদের কাছে স্নাইপার রাইফেল, ভারী মেশিনগান এবং ট্যাঙ্ক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রও রয়েছে বলে জানা গেছে।
আইএস জঙ্গিরা ফের আক্রমণ করলে এসব অস্ত্রের সাহায্যে তারা মোক্ষম জবাব দেওয়া সম্ভব হবে।
নিউ সিরিয়ান আর্মির এক মুখপাত্র ছবিগুলোর বিষয়ে কোনো মন্তব্য করতে না চাইলেও ব্রিটিশ সেনাদের সহায়তা নেওয়ার কথা স্বীকার করেছেন।
তিনি বলেছেন, “আমাদের ব্রিটিশ ও আমেরিকান অংশীদারদের কাছ থেকে আমরা বিশেষ বাহিনীর প্রশিক্ষণ পাচ্ছি। পেন্টাগন থেকে আমরা অস্ত্রশস্ত্র ও রসদও পাচ্ছি, পাশাপশি বিমান হামলার সমর্থনও পাচ্ছি।”
আল তানাফ ঘাঁটিতে ব্রিটিশ সেনাদের দেখা যাচ্ছে, এমন ছবি দেখানো হলে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা বিশেষ বাহিনীর অভিযান সংক্রান্ত বিষয়ে কোনো মন্তব্য করবে না।
