আলেপ্পোয় সরকারি অবরোধ ভাঙল বিদ্রোহীরা
সিরিয়ার আলেপ্পোয় সরকারি বাহিনীর অবরোধ ভেঙে রামুসাহ মিলিটারি কমপ্লেক্সে আক্রমণের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ একটি করিডোর পুনর্দখল করেছে বিদ্রোহী দলগুলো।
প্রায় এক মাস ধরে সিরিয়ার সেনাবাহিনী ওই করিডোরটি দখল করে রেখেছিল। যার ফলে আলেপ্পোর পূর্বাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার সঙ্গে সিরিয়ার পশ্চিমাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।
দুইটি বিদ্রোহী দল এবং একটি নজরদারি সংগঠন শনিবার রামুসাহ বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে যাওয়ার দাবি করেছে।
যদিও সরকারপন্থি গণমধ্যমগুলো অবরোধ ভেঙ্গে পড়ার খবর অস্বীকার করেছে বলেছে, রামুসাহর নিয়ন্ত্রণ তারা হারায়নি। বরং সম্প্রতি বিদ্রোহীরা তাদের যেসব এলাকার দখল নিয়েছিল সেগুলো পুনরুদ্ধার কা হয়েছে।
ওদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তরা রয়টার্সকে বলেন, “আমরা খবরটা দেখেছি। কিন্তু পরিস্থিতি এখনও ঘোলাটে এবং আমরা এখন যুদ্ধক্ষেত্রের সর্বশেষ তথ্য গণমাধ্যমকে জানাতে পারব না।”
একটি বিদ্রোহী দলের পক্ষ থেকে অনলাইনে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, “(আলেপ্পো) নগরীর বাইরে অবস্থান করা যোদ্ধারা নগরীর ভেতরে অবস্থান করা তাদের সহযোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ করেছে। তারা বিরোধী পক্ষের অবরোধ ভেঙে নগরীতে নিজেদের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠিত করছে।”
অন্য একটি বিদ্রোহী দলের পক্ষ থেকে রয়টার্সকে বলা হয়, অবরোধ ভেঙে ফেলা হয়েছে। যদিও এখনও সবকিছু প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং বিষয়টা সহজ হবে না।
সিরিয়ার গৃহযুদ্ধ পর্যবেক্ষণকারী যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ এর পক্ষ থেকে বলা হয়, সেখানে এখনও প্রচণ্ড যুদ্ধ এবং ব্যাপক বিমান হামলা চলছে। এর অর্থ বিদ্রোহী নিয়ন্ত্রিত দুইটি এলাকার মধ্যে যোগাযোগের জন্য এখনও নিরাপদ কোনও করিডর নেই।”
রয়টার্স জানায়, বিদ্রোহীরা শুক্রবার সরকার নিয়ন্ত্রিত রামুসাহ মিলিটারি কমপ্লেক্সে আক্রমণ শুরু করে। তারা রামুসাহ-র নিয়ন্ত্রণ নেয় এবং আলেপ্পোর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ স্থাপন করে।
একই সঙ্গে তারা রাজধানী দামেস্কের সঙ্গে পশ্চিম আলেপ্পোয় সরকার নিয়ন্ত্রিত এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে।
রামুসাহতে সেনাবাহিনীর কয়েকটি কলেজ রয়েছে।
